আমাদের ভারত, ১০ অক্টোবর: ৫০০ বছর পর যদি রাম জন্মভূমি পুনরুদ্ধার করা সম্ভব হয় তবে সিন্ধ নয় কেন? লক্ষ্মৌ’য়ে অনুষ্ঠিত একটি সিন্ধি সম্প্রদায়ের সমাবেশে বর্তমানে পাকিস্তানের অন্তর্ভুক্ত সিন্ধ প্রদেশকে ভারতে ফেরানোর দাবি তুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এই প্রসঙ্গে বলতে গিয়ে দেশভাগের বিষয়টিও তুলে আনেন যোগী আদিত্যনাথ। এর জন্য নাম না করেই কটাক্ষ করেছেন মহাত্মা গান্ধীকে। লক্ষ্মৌ’য়ে জাতীয় সিন্ধি সম্মেলনে যোগ দিয়েছে দশটি দেশ এবং ১০ রাজ্যের ২২৫ জন অতিথি। সেখানেই নিজের বক্তব্যে যোগী বলেন, লক্ষ্মৌ থেকে অযোধ্যার দূরত্ব খুব বেশি নয়। ৫০০ বছর পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়েছে। ফলে ৫০০ বছর পর যদি রাম জন্মভূমি পুনরুদ্ধার করা সম্ভব হয় তবে সিন্ধ নয় কেন?
যোগীর পরামর্শ, বর্তমান প্রজন্মকে নিজেদের ইতিহাসের কথা জানতে হবে। জানতে হবে তারা কোন সম্প্রদায়ের লোক। তিনি বলেন, ১৯৪৭ সালের দেশভাগ ছিল দুঃখজনক, যা এড়িয়ে যাওয়া সম্ভব ছিল। একজনের একগুঁয়েমির কারণে দেশকে এই যন্ত্রণা প্রত্যক্ষ করতে হয়েছে। দেশভাগের ট্রাজেডি ভোগ করতে হয়েছে। যার ফলে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিল। ভারতের একটা বড় অংশ পাকিস্তান হয়ে গিয়েছিল। এই কথার মাধ্যমে আসলে তিনি মহাত্মা গান্ধীর দিকে ইঙ্গিত করেছিলেন। পাকিস্তানের সিন্ধ প্রদেশে সিন্ধি সম্প্রদায়ের আদি বাসস্থান। এর আগে বর্ষিয়ান বিজেপি নেতা লাল কৃষ্ণ আদবানী মন্তব্য করেছিলেন, সিন্ধ যুক্ত না হওয়া পর্যন্ত ভারত অসম্পূর্ণ। অবিভক্ত ভারতের করাচিতে জন্ম আডবাণীর। সিন্ধ প্রদেশ পাকিস্তানের ভাগে পড়ায় বেদনা প্রকাশ করেছিলেন তিনি।

