জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ অক্টোবর: কোনও টালবাহানা নয় অবিলম্বে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলা, শিক্ষার সর্বস্তরে ফি মকুব করা সহ ৬ দফা দাবিতে প্রতিবাদী ছাত্র সমাজের লক্ষাধিক স্বাক্ষর সহ এআইডিএসও-র রাজ্য কমিটির আহ্বানে নবান্ন অভিমুখে মিছিল ও মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন কর্মসূচিকে সংহতি জানিয়ে আজ পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে মিছিল, পথসভা কর্মসূচি পালন করে। মেদিনীপুর শহরে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে মেদিনীপুর শহর পরিক্রমা করে নেতাজি মূর্তির পাদদেশে একটি পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের জেলা কমিটির সভাপতি বিশ্বরঞ্জন গিরি। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তনুশ্রী বেজ, সুজিত জানা।

বিশ্বরঞ্জন গিরি বলেন, সারা দেশজুড়ে জনজীবন স্বাভাবিক। নির্বাচন, পুজো, ধর্মীয় জমায়েত সমস্ত কিছু হচ্ছে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলার ক্ষেত্রে সরকারের টালবাহানা চলছে। আমরা ছাত্র সংগঠন এআইডিএসও-র পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে এবং সমস্ত ফি মকুবের দাবিতে ধারাবাহিক আন্দোলন গড়ে তুলেছি। অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ খুলতে হবে, না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাবো।

