মেদিনীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড তৃণমূলের উদ্যোগে রাখি বন্ধন কর্মসূচি পালন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ আগস্ট: আজ একসঙ্গে রাখি বন্ধন কর্মসূচি পালন করলো মেদিনীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীরা।

ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর লিপি বিষই, ওয়ার্ড সভাপতি অরুণ চৌধুরী ও যুব সভাপতি সেক আজহার উদ্দিনের নেতৃত্বে ওয়ার্ডের তৃণমূল কর্মীরা শহরের রাসময়রা চক, কোতয়ালি বাজার সহ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পথচলতি সাধারণ মানুষদের একদিকে যেমন রাখি পরিয়ে মিষ্টিমুখ করান, তেমনি কোতয়ালি বাজারের সমস্ত সবজি বিক্রেতা, ব্যবসায়ী সহ মেদিনীপুর পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান, কাউন্সিলর, কোতয়ালি থানার বড়বাবু সহ বিভিন্ন আধিকারিক ও থানার বিভিন্ন পুলিশ কর্মীদের এবং বৃহন্নলাদেরও এই কর্মসূচির মাধ্যমে সম্মান জানিয়ে তাদের হাতে রাখি পরিয়ে ও মিষ্টি মুখ করিয়ে ভাতৃত্ব এবং সম্প্রীতির বার্তা সকলের কাছে পৌঁছে দেন।

আজকের এই কর্মসূচির বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর লিপি বিষই ও ওয়ার্ড সভাপতি অরুণ চৌধুরী জানান যে, “আজ এই শুভ দিনে মানুষের মধ্যে ভাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস”।

অন্যদিকে ওয়ার্ডের যুব সভাপতি সেক আজহার উদ্দিন বলেন, “বর্তমান যুব সমাজের মধ্যে পারস্পরিক হিংসা পরিত্যাগের মাধ্যমে এক সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে এবং সকলের মধ্যে প্রীতি ও সৌজন্যতার বার্তা ছড়িয়ে দিতেই আজ আমাদের এই কর্মসূচি”।

সব মিলিয়ে ১১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির এই কর্মসূচিতে যথেষ্ট খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে থানা ও পৌরসভার বিভিন্ন আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *