শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরা গ্রেপ্তার মামলায় হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য, অবিলম্বে মুক্তির নির্দেশ আদালতের

আমাদের ভারত, ৪ আগস্ট:রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ ব্যবসায়ী রাখাল বেরার জেল থেকে মুক্তির দিনেই ফের গ্রেপ্তারের ঘটনায় হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। বুধবার বিকেলের মধ্যেই তাকে জেল থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। একই সাথে আদালত আরো জানিয়েছে আগামী ২৬ আগস্ট মামলার পরবর্তী শুনানির আগে পর্যন্ত পুলিশ রাখাল বেরাকে গ্রেফতার করতে পারবে না।

শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাখাল বেরার বিরুদ্ধে অভিযোগ, তিনি শুভেন্দু অধিকারীর নাম করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছে লক্ষ লক্ষ টাকা তুলেছেন। কলকাতার মানিকতলা থানায় এই নিয়ে অভিযোগ জমা পড়েছে। গত ৫ জুন রাখাল বেরাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ রাখাল বেরাকে জামিন দেয়।

কিন্তু এরপর সেই নির্দেশের স্থগিতাদেশের আবেদন জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। আর সেই মামলার শুনানি চলাকালীন পূর্ব মেদিনীপুর নন্দকুমার থানার দায়ের হওয়া আর এক অভিযোগের ভিত্তিতে রাখাল বেরাকে আবারর গ্রেপ্তার করে পুলিশ।

তারপরই আদালত রাজ্যকে প্রশ্ন করে, সিঙ্গেল বেঞ্চ যাকে
জামিন দিয়েছে এবং উচ্চতর বেঞ্চে যার জামিনের আবেদন বিবেচনাধীন রয়েছে, এমন ব্যক্তিকে কেন গ্রেফতার করল পুলিশ? বুধবার শুনানিতে এই প্রশ্নের ব্যাখ্যা জানতে চেয়েছে আদালত।

বিচারপতিরা বলেন, নন্দকুমার থানায় যে অভিযোগের ভিত্তিতে রাখাল বেরাকে গ্রেফতার করা হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তারপরই অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন তারা। দ্রুত নির্দেশ কার্যকর করতে তৎপর হওয়ার জন্য বলেন এডভোকেট জেনারেলকে। একইসঙ্গে ২৬ আগস্ট পর্যন্ত কোনো মামলায় গ্রেপ্তার করা যাবে না রাখাল বেরাকে। ২৬ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন রাজ্যের বক্তব্য শুনবে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *