পরিযায়ী শ্রমিকদের কল্যাণে কাজ করবেন, জানালেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম

আশিস মণ্ডল, বীরভূম, ৩ আগস্ট: ন্যায্য অধিকার আদায়ে পরিযায়ী শ্রমিকদের পাশে থাকবেন সদ্য নির্বাচিত রাজ্যসভার তৃণমূল সাংসদ তথা রাজ্য শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম। বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাটে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি এমনই বার্তা দিলেন। সামিরুল ইসলাম বলেন, পরিযায়ী শ্রমিকদের পাশে থেকে আমি দীর্ঘদিন কাজ করছি। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে কোনো সমস্যায় আটকে পড়া কিংবা দুর্ঘটনায় কোনো শ্রমিকের মৃত্যু হলে তার পরিবারকে আর্থিক সহায়তা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। আগামী দিনেও আমি সেই কাজ করে যাবো।

একসময় বাংলা সংস্কৃতি মঞ্চ নামে একটি অরাজনৈতিক সংগঠন গড়ে তোলেন অধ্যাপক সামিরুল ইসলাম। কোভিড সময়কালে ভিন রাজ্যে আটকে পড়া পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা সহ বিভিন্ন ধরনের সাহায্য তিনি এবং তার সংগঠন করেছে। সেই কাজ নজর কাড়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর। তারপরেই তৃণমূল কংগ্রেস সামিরুল ইসলামকে রাজ্যসভার সাংসদ করে। একই সঙ্গে রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় তাকে। 
এদিন রামপুরহাটে বাংলা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে রামপুরহাটের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে সামিরুল ইসলামকে সম্বর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সবরকম সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি একটি পোর্টালের মাধ্যমে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নথিভুক্ত করে তাদের সঠিক সংখ্যা নির্ধারণ করা হবে জানান।

এদিনের সভায় উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি মঞ্চের বীরভূম জেলা সম্পাদক সুদীপ দাস সহ সংগঠনের প্রায় পাঁচশো সদস্য। সাংসদ নির্বাচিত হওয়ার পর আজ প্রথম বীরভূমে এলেন তিনি। তবে তৃণমূল কংগ্রেসের সাংসদ হলেও এদিনের অনুষ্ঠানে দেখা মিলল না এলাকার কোনো তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *