আমাদের ভারত, ২৯ আগস্ট: ভারত কোনওভাবেই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে না। প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গি খতম করবে ভারত। রবিবার তামিলনাড়ু ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস কলেজের এক অনুষ্ঠানে এইভাবেই হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সরাসরি নাম উল্লেখ না করলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি পাকিস্তানকেই এই হুঁশিয়ারি দিয়েছেন। আফগানিস্থানে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।
রাজনাথের কথায়, দুবার যুদ্ধে হেরেছে, তার পরেও প্রতিবেশী ওই দেশ ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে। জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে অর্থ সাহায্য করে। বারবার ভারতকে নিশানা করছে ওই প্রতিবেশী দেশ। সন্ত্রাসবাদ ওদের রাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।”
রাজনাথ জানান, সন্ত্রাসবাদকে দেশ থেকে সমূলে তুলে ফেলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। দেশের নিরাপত্তার সঙ্গে কোনোভাবেই আপস করা হবে না। ভারতে সন্ত্রাসবাদকে ডেকে এনে কেউ যদি শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে, তাকে ছেড়ে কথা বলা হবে না, প্রয়োজনে অন্যদেশে ঢুকে জঙ্গি খতম করা হবে। সন্ত্রাসবাদ প্রসঙ্গে বলতে গিয়ে রাজনাথ সিং বালাকোট সার্জিক্যাল স্ট্রাইকের কথা মনে করিয়ে দেন।

