রাজেন রায়, কলকাতা, ২২ মার্চ: প্রত্যেক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে বলে শ্লোগান দিচ্ছেন। স্লোগান দিচ্ছেন তাঁর সহ নেতা নেত্রীরা। কিন্তু আপাত নিরীহ এই শ্লোগানের মধ্যে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। প্রত্যেক নির্বাচনী এলাকায় তৃণমূল কর্মীদের ঝামেলা এবং সন্ত্রাস করতে উসকে দেওয়া হচ্ছে। এই নিয়েই এবার তৃণমূলের বিরুদ্ধে কমিশনে নালিশ করলেন ডোমজুড়ের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে কমিশনের তরফে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
সোমবার বিকেলে নির্বাচন কমিশনের দফতরে যান বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। নিজের যাবতীয় অভিযোগ জানিয়ে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন প্রাক্তন বনমন্ত্রী।
তিনি বলেন, “দিনের পর দিন ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। নিয়মিত সভায় অশান্তি করছে তৃণমূলের লোকেরা। প্রচারে বাধা দেওয়া হচ্ছে। এভাবে চলতে পারে। কমিশনে অভিযোগ জানালাম। শীঘ্রই বিবেক দুবের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব। এভাবে পরিবেশ অশান্ত করার চেষ্টা করা হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। “খেলা হবে’ স্লোগান তুলে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করা হচ্ছে। যাতে মানুষ ভোট দিতে যেতে না পারে।”

