প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ৭ জুলাই: মুকুল রায়ের প্রয়াত স্ত্রীকে শ্রদ্ধাঞ্জলি জানাতে মুকুল রায়ের কাঁচড়াপড়ার বাড়িতে আসলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা তথা টলিউড অভিনেতা কৌশিক। সেই সঙ্গে এদিন আসেন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা সুনীল সিং।
বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল পত্নী। মুকুল পুত্র শুভ্রাংশু রায় নিজে তাঁর মাকে সুস্থ করার জন্য চেন্নাই নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৬ তারিখ মারা যান মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়।
চেন্নাই থেকে মায়ের মরদেহ নিয়ে বুধবার সকাল ৭.৪০টা নাগাদ দমদম এয়ারপোর্টে নামেন শুভ্রঅংশু রায়। তারপর সোজা মরদেহ নিয়ে পৌঁছন কাঁচড়াপাড়ার ঘটক রোডের বাসভবনে। মরদেহ আসার অনেক আগে থেকেই বাড়ির সামনে বহু মানুষ জড়ো হয়েছিলেন তাদের প্রিয় কৃষ্ণা রায়কে একবার দেখার জন্য।
কৃষ্ণা দেবীর মরদেহ কাঁচড়াপাড়ায় পৌঁছতেই চোখে জল নেমে আসে প্রতিবেশী থেকে শুরু করে তৃণমূলের নেতা-কর্মীদের। পরোপকারী কৃষ্ণা দেবীকে হারিয়ে শোকে বিহ্বল ঘটক রোডের বাসিন্দারা। সকাল থেকেই কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছিল ঘটক রোডের বাড়িটি। এদিন মুকুল রায়কেও শোকে বিধস্ত অবস্থায় দেখা যায়।

কৃষ্ণাদেবীকে শ্রদ্ধাঞ্জলী দিতে আসেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা তথা টলিউড অভিনেতা কৌশিক। সেই সঙ্গে আসেন নোয়াপাড়ার বিজেপি নেতা সুনীল সিং। এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার অনেক দিনের পরিচয় মুকুলদার সাথে। আর মাঝে মাঝে ওনার স্ত্রীর সাথেও দেখা হত। তাই আজ এসেছি ওনাদের পাশে থাকার জন্য। আমি এর আগে উনি অসুস্থ হয়ে কলকাতায় যখন ভর্তি ছিলেন আমি গেছিলাম দেখা করতে তাই আজও আসলাম।”

