অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১১ ফেব্রুয়ারি: দু দিন আগে ঝাড়গ্রাম জেলার লালগড় থেকে পরিবর্তন যাত্রার রথের সূচনা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। আজকে বিজেপির পরিবর্তন যাত্রা গোপীবল্লভপুরে পৌঁছায়। সেখানে কলেজ রোডে সংলগ্ন জগদ্ধাত্রী মাঠে সভা হয়। সভার আগে পদযাত্রায় অংশ নেন প্রাক্তন মন্ত্রী তথা সদ্য বিজেপি নেতা রাজীব ব্যানার্জি।
রাজীব বন্দোপাধ্যায় বলেন, যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, অনেকের হয়তো ইচ্ছে থাকলেও বেরোতে পারছেন না। তাই সর্বস্তরের মানুষের কাছে আমাদের একটাই স্লোগান চুপচাপ পদ্মে ছাপ। আর লক্ষ্য একটাই চলুন পাল্টাই। আমরা চাই একটা সত্যি কারের পরিবর্তন আসুক। যে পরিবর্তনের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান হবে। মা-বোনেদের নিরাপত্তা সুরক্ষিত হোক। প্রচুর সামাজিক কাজকর্ম যা মা-বোনেদের মাথা তুলে দাঁড়াতে সাহায্য করবে। পানীয় জল থেকে শুরু করে ভাঙ্গনরোধের কাজ, বাংলার সার্বিক উন্নয়ন, বাংলার খেটে খাওয়া মানুষ ও শ্রমিকদের জন্য ভালো ব্যবস্থা।

পরিবর্তনের যে স্বপ্ন মানুষের মধ্যে দেখেছি তাতে আমার স্থির বিশ্বাস আগামী নির্বাচনে পরিবর্তন হবেই। পশ্চিমবঙ্গের মানুষ উন্নয়ন দেখবে। যুব ভাই-বোনেদের হতাশা আমি দেখেছি, আমি প্রথম দিন থেকেই তাদের নিয়ে কথা বলছি। পড়াশোনা করেও তারা চাকরি পাচ্ছেন না। বাইরে চলে যেতে হচ্ছে, এমনকি তাদের যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছেন না। অথচ বাংলায় আমরা যা দেখলাম প্রচুর শূন্যপদ রয়ে গিয়েছে। একটা মানুষও খুশি নয়, রোজ আন্দোলন হচ্ছে। আগামী দিনে স্থায়ী চাকরি যেমন প্রচুর দিতে হবে তেমনই প্রচুর শিল্প করতে হবে। সেখানে বেকার যুবকরা কাজ পাবেন।

