স্বপ্নভঙ্গ হওয়ায় রাজীব ফের তৃণমূলে: সুকান্ত

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ নভেম্বর: বিজেপিতে এসে অনেক স্বপ্ন দেখেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই স্বপ্ন তার পূরণ হয়নি বলে তৃণমূলেই ফিরে গেছেন, আর এটা প্রত্যাশিতই ছিল বলে দলের মেদিনীপুর শহর সংগঠনের উদ্যোগে আয়োজিত সম্মেলনে যোগ দিয়ে সোমবার একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায়ই বলতে পারবেন কি স্বপ্ন তিনি দেখেছিলেন এবং তার কি স্বপ্ন ভঙ্গ হয়েছে। 

পাশাপাশি পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে বলতে গিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে ডেকেছেন, তো উনাকে বলুন পেট্রোল ডিজেলকে জিএসটি আওতাভুক্ত করতে, তাহলেই প্রতি লিটার পেট্রোল-ডিজেলের দাম কুড়ি থেকে পঁচিশ টাকা দাম কমে যাবে। সুকান্ত মজুমদার এদিন কেন্দ্রীয় বাহিনী দিয়েই পৌর সভাগুলির নির্বাচন করার দাবি জানান। পৌরসভাগুলিতে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হলে বিজেপি ভালো ফল করবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

এদিনের সম্মেলনে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, যারা দলের বিরুদ্ধে প্রচার এবং গন্ডগোল করছেন তাদের আমরা খুঁজে বের করছি। যথাসময়ে তাদের দল থেকে বের করে দেওয়া হবে। দিলীপ ঘোষ বলেন, তৃণমূল থেকে আসা বেশিরভাগ এবং দলেরও কিছু লোক ভোটের সময় দলের বিরুদ্ধে কাজ করেছেন, দলকে দুর্বল করার চেষ্টা করছেন, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তাদের চিহ্নিত করার পর দল থেকে তাদের বহিষ্কারের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *