আমাদের ভারত, ২৭ জুন:বাংলায় নির্বাচনে যে ফল আশা করেছিল বিজেপি, তেমনটা হয়নি। কিন্তু হাল ছেড়ে দিতে চাইছে না পদ্ম শিবির। তাই বাঙালি আবেগকে ধরে রাখতে বাঙালি মনীষীদের স্মরণ করায় জোর দিল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। রাজ্যের অন্যতম বিরোধী দলের আগামী দিনে রাজ্যের ক্ষমতা দখলে এটা হাতিয়ার হিসেবে কাজে লাগতে পারে বলে মনে করা হচ্ছে। সেই জন্যই রাজা রামমোহন রায়, ঋষি অরবিন্দ, সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীতে নানা অনুষ্ঠান করার ভাবনা রয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের।
বাংলার নির্বাচনকে বিজেপির পাখির চোখ করেছিল। বিজেপির শীর্ষ নেতৃত্ব ঝাঁপিয়ে পড়েছিল বাংলায়। মানুষকে কাছে টানতে বাংলার মনীষীদের নাম বার বার উল্লেখ করতে শোনা গেছে ভোট প্রচারে। স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের মতো মনীষীদের স্মরণ করেই বাঙালি আবেগকে ধরতে চেয়েছেন তারা। মোদী, শাহকে বারবার দেখা গেছে বাংলা ভাষায় টুইট করতে। কিন্তু তৃণমূল পাল্টা বহিরাগত তত্ত্বকে হাজির করেছিল ভোটে।
বিজেপি আশা অনুযায়ী ফল করতে পারেনি। কিন্তু তা হলেও বাংলা দখলের আশা তারা কখনোই ছেড়ে দেয়নি। বরং কোমর বেঁধে নেমেছেন তারা। জানা গেছে, রামমোহন রায়, ঋষি অরবিন্দ, সত্যজিৎ রায়ের মতো ব্যক্তিত্বকে স্মরণ করা হবে। সূত্রের খবর, কেন্দ্রের “জাগ্রত ভারত” কর্মসূচির মাধ্যমে রাজা রামমোহন রায়ের আড়াইশো বছর জন্মোৎসব পালন করার ভাবনা চিন্তা চলছে। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে সম্মেলনের আয়োজন করা হতে পারে। রাজা রামমোহন রায় নলেজ সেন্টার খোলা হতে পারে দেশের কেন্দ্রীয় লাইব্রেরিগুলোতে। ঋষি অরবিন্দ সত্যজিৎ রায়ের জন্ম বার্ষিকী পালন নিয়েও পরিকল্পনা করছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।

