প্রতীতি ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ মে: দীর্ঘদিন বন্ধ থাকা একটি বেসরকারি হাসপাতালকে কোভিড হাসপাতালে পরিণত করতে উদ্যোগ নিলেন ব্যারাকপুরের নব নির্বাচিত বিধায়ক রাজ চক্রবর্তী।
রবিবার দুপুরে ওই পরিত্যক্ত বেসরকারি হাসপাতাল পরিদর্শন করলেন বিধায়ক রাজ চক্রবর্তী।
নিত্য দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ব্যারাকপুর শিল্পাঞ্চলেও লাগাম ছাড়া ভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা। জেলায় যে কটি করোনা হাসপাতাল করা হয়েছে সেগুলিতে বর্তমানে শয্যার অভাব দেখা দিচ্ছে। এই ধরনের উদ্বেগজন পরিস্থিতিতে নিজের দায়িত্বভার গ্রহণ করেই বিধায়ক রাজ চক্রবর্তী তৎপরতার সঙ্গে নেমে পড়লেন কাজে। করোনা হলে ব্যারাকপুরের বাসিন্দাদের যাতে কলকাতা না যেতে হয় এবং খুব সহজেই এখানকার মানুষ হাসপাতালে বেড পেতে পারেন সেই উদ্দ্যেশ্যে বারাকপুর মহকুমার অন্তর্গত পলতার নিকট আড়াই বছর ধরে বন্ধ হয়ে থাকা একটি বেসরকারি হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করার উদ্যোগ নিলেন রাজ চক্রবর্তী। রবিবার বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী সাথে হাসপাতাল টি পরিদর্শনে আসেন বারাকপুরের মহকুমা শাসক, বারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস, বিএন বোস মহকুমা হাসপাতালের সুপার সুদীপ্ত ভট্টাচার্য, ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভর্মা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
এদিন বিধায়ক রাজ চক্রবর্তী জানান, “এই বেসরকারি হাসপাতালটির ভেতরের অবস্থা ভালো না, এটিতে হাসপাতাল চালু করতে গেলে বেশ কিছুদিন সময় লাগবে। আমরা দ্রুত কাজ শুরু করতে চাইছি। তবে এটিতে ১০০টি বেডের ব্যবস্থা করা সম্ভব হবে। কিন্তু এটা ছাড়াও আমরা দ্রুত আরও কিছু জায়গা নির্বাচন করে করোনা হাসপাতাল খুলতে চাইছি বারাকপুরের মানুষকে যাতে কলকাতায় যেতে না হয় তাই আমাদের চেষ্টা। “

