রাজেন রায়, কলকাতা, ১১ অক্টোবর: মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন মানুষজন। তারই মধ্যে হাওয়া অফিস জানিয়েছে, ইতিমধ্যেই বর্ষা বিদায় শুরু হয়েছে। তবে মঙ্গলবার থেকে দুর্যোগ শুরু হতে পারে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে কোন কোন জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলিতে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানা গিয়েছে। দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
ওড়িশার এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে অগ্রসর হতে পারে নিম্নচাপ। তার ফলে বাংলায় ভারী বৃষ্টির প্রভাব তেমন নেই। তবে পরোক্ষভাবে নিম্নচাপের প্রভাব পড়বে। অষ্টমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সময় উত্থাল হতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে।

