অগ্নিপথ বিক্ষোভে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের রেল পরিষেবা, ২৪ ঘন্টায় ৭টি ট্রেনে আগুন ধরিয়েছে বিক্ষোভকারীরা

আমাদের ভারত, ১৭ জুন: বিহারের ছাপরা স্টেশন দিয়ে শুরু হয়েছে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। তারপর মাত্র ২৪ ঘন্টার মধ্যে একের পর এক ট্রেনে আগুন ধরিয়েছে বিক্ষোভকারীরা। ভাঙ্গচুর করেছে স্টেশন। এই বিক্ষোভে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের রেল পরিষেবা। গত ২৪ ঘন্টায় কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে অন্তত ৭টি ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছে আন্দোলনকারীরা।

শুক্রবার পুড়েছে উত্তরপ্রদেশের বালিয়া ও তেলেঙ্গানা সেকেন্দ্রাবাদে দাঁড়িয়ে থাকা ট্রেন। শুক্রবার সকালে পূর্ব উত্তর প্রদেশের বালিয়া স্টেশনে একটি ট্রেনে আগুন জ্বালিয়ে দেয় আন্দোলনকারীরা। ভাঙ্গচুর করা হয় রেল স্টেশনে। পুলিশ এবং রক্ষী বাহিনীর সদস্যরা দ্রুত গিয়ে জ্বলন্ত কামরা গুলিকে সরিয়ে পরিস্থিতি সামাল দেয়।

অন্যদিকে তেলেঙ্গানা সেকেন্দ্রাবাদে আগুন লাগানো হয় একটি যাত্রীবাহী ট্রেনে। আন্দোলনকারীরা স্টেশন চত্বরে ঢুকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন লাগায়। শুক্রবার সকালে বিহারের সমস্তিপুর জেলার মহিউদ্দিন নগর স্টেশনের বিক্ষোভ শুরু করে একদল জনতা। সেই সময় স্টেশনে দাঁড়িয়ে থাকা জম্মু তাওয়াই এক্সপ্রেসে আগুন লাগানো হয়। বেগুসারাই স্টেশনে ভাঙ্গচুর চালায় এক দল আন্দোলনকারীরা।

বিহারের লখিশরাই এবং সমস্তিপুর স্টেশনে দাঁড়ানো নয়াদিল্লি ভাগলপুর বিক্রমশিলা এক্সপ্রেস এবং নয়াদিল্লি দ্বারভাঙ্গা বিহার সম্পর্কক্রান্তি এক্সপ্রেসেও আগুন ধরিয়েছে বিক্ষোভকারীরা।

অন্যদিকে অগ্নিপথ আন্দোলনের জেরে ২০০টি ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। ৩৫টি ট্রেন বাতিল করা হয়েছে। ১৩টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আন্দোলনের আঁচ পড়েছে পশ্চিমবঙ্গের ট্রেন পরিষেবাতেও। হাওড়া থেকেও বাতিল হয়েছে তিনটি ট্রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *