গলা জলে ডুবে রেলের আন্ডারপাস, প্রতিবাদে বালুরঘাটে গৌড় লিঙ্ক ট্রেন আটকে বিক্ষোভ স্থানীয়দের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৯ মে: রেলের আন্ডারপাস ডুবে রয়েছে জলে। প্রতিবাদে গৌড় লিংক ট্রেন আটকে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। সোমবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাটের বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুর ক্ষীরপুকুর এলাকায়। ঘটনার জেরে দীর্ঘক্ষণ আটকে থাকে বালুরঘাটগামী গৌড় লিংক এক্সপ্রেস ট্রেনটি। যে খবর পেয়েই তড়িঘড়ি এলাকায় পৌঁছায় জিআরপি ও বালুরঘাট থানার পুলিশ। আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী সাত দিনের মধ্যে এই সমস্যার সমাধানের আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি, উঠে যায় রেল অবরোধ।

জানা যায়, বালুরঘাট ব্লকের অন্তর্গত বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের ক্ষীর পুকুর এলাকায় সাধারণ মানুষদের সুরক্ষার কথা ভেবে রেল তৈরি করে একটি আন্ডারপাস। যার উপর দিয়ে রেল চলাচল করলেও সেই আন্ডারপাসের ভেতর দিয়ে সাধারণ মানুষের চলাচল একেবারেই অযোগ্য হয়ে ওঠে সামান্য বৃষ্টিতে। প্রথম থেকেই যে সমস্যা নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু একাধিকবার বলার পরও রেলের আন্ডারপাসে জমা জল নিকাশির কোনো ব্যবস্থাই করা হয়নি। সামান্য বৃষ্টিতেই গলাজলে ডুবে থাকছে সেই আন্ডারপাস। আর যার জেরে চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। বেশ কয়েকদিন আগে সামান্য বৃষ্টির জেরে ডুবে রয়েছে আন্ডারপাসটি। এখনও সেই জমা জল বের করবার কোনো ব্যবস্থাই হয়নি। যার ফলে একদিকে যেমন ওই রাস্তা দিয়ে কোনো যান চলাচল করতে পারছে না, তেমনি জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের। আর যার প্রতিবাদেই এদিন বালুরঘাট গৌড় লিংক ট্রেন আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা৷ যার জেরে আটকে পড়ে ট্রেন৷ সমস্যায় পড়েন ট্রেন যাত্রীরা। এদিকে রেল অবরোধের এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট জিআরপি ও বালুরঘাট থানার পুলিশ। এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারী অঞ্জন বসাক, প্রবীর কুমার রায় ও সুজন মন্ডলরা বলেন, দীর্ঘদিনের এই সমস্যা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। জলে ডুবে থাকায় আন্ডারপাস দিয়ে কোনো কিছুই যেতে পারছে না। আর তারই প্রতিবাদে এদিন তারা রেল আটকে বিক্ষোভ দেখিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *