অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে ঠাকুরনগরে রেল অবরোধ, চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের

সুশান্ত ঘোষ, বনগাঁ, ১৭ জুন: কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প বাতিল করতে হবে। এমনই দাবি তুলে শুক্রবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর স্টেশনে রেল অবরোধ হয়। যার জেরে ব্যস্ত সময়ে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় অফিস সহ নিত্যযাত্রীদের। বিক্ষোভের জেরে শিয়ালদহ-বনগাঁ শাখায় রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। সকাল ৭টা ৪৯ মিনিট নাগাদ অবরোধ শুরু হয়। প্রায় দুঘন্টা ধরে চলে অবরোধ। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

‘অগ্নিপথ’ নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে যে বিক্ষোভ চলছে, তারই আঁচ পড়ল বাংলাতে। কেন্দ্রীয় প্রকল্পের প্রতিবাদেই এই বিক্ষোভ। অবরোধের জেরে দাঁড়িয়ে ছিল ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকাল। চূড়ান্ত নাকাল নিত্যযাত্রীরা।

বিক্ষোভকারী নাসিরুদ্দিন মণ্ডল, সাদ্দাম হোসেন, সৌম বিশ্বাস বলেন, ‘‘চার বছরের জন্য নিয়োগ করবে। প্রথম বছর মাসে ৩০ হাজার টাকা, দ্বিতীয় বছরে ৩৩ হাজার, তৃতীয় বছরে ৩৬ হাজার, চতুর্থ বছরে দেবে ৪০ হাজার টাকা করে। তার পর ১১ লাখ ৭১ হাজার টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। আমরা কি কোনও ভিনরাজ্যে ঠিকেদারের কাজে যাচ্ছি, যে চার বছর কাজ করে বাড়ি বসে থাকব?

অগ্নিপথ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে অগ্নিগর্ভ একাধিক রাজ্য। বিক্ষোভের জেরে বৃহস্পতিবার রাতে অগ্নিপথ প্রকল্পে নিয়োগের নিয়ম কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নেয় মোদী সরকার। এই প্রকল্পের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ায় কেন্দ্র। আবেদনের বয়স ২১ থেকে বাড়িয়ে ২৩ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *