বিজেপির ডাকা ১২ঘন্টা বাংলা বনধে হুগলিতে বিভিন্ন জায়গায় রেল অবরোধ

আমাদের ভারত, হুগলি, ২৮ ফেব্রুয়ারি: বিজেপির ডাকা ১২ঘন্টা বাংলা বনধে কোনও প্রভাবই পড়ল না হুগলিতে। সোমবার সকালে হুগলি, ব্যান্ডেল ও কাটোয়া ব্যান্ডেল শাখার খামারগাছিতে বনধ সমর্থনকারীরা রেল অবরোধ করেন। কিন্তু জিআরপি আধ ঘন্টার মধ্যে ঘটনার খবর পেয়েই পৌছে যায়। অবরোধকারীদের ঘটনাস্থল থেকে হটিয়ে দেয়।

এরপর অবরোধকারীরা চুঁচুড়া, বলাগড়, মানকুন্ডু, শ্রীরামপুর সহ একাধিক জায়গায় পথ অবরোধ করেন। পাশাপাশি বেশ কিছু জায়গায় জোর করে দোকানপাট বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। কিন্তু, একটু বেলা বাড়তেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। প্রতিদিনের মতই এদিনও ট্রেন ও বিভিন্ন স্ট্যান্ড থেকে বাস চলতে শুরু করে। ফেরি চলাচলও স্বাভাবিক হয়ে যায়। অটো, টোটো, দোকান, বাজার স্বাভাবিক হয়ে যায়। পাশাপাশি প্রায় সমস্ত সরকারি অফিসে নিজের নিয়মেই কাজকর্ম চলতে থাকে।

এই প্রসঙ্গে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার যুবমোর্চার সভাপতি সুরেশ সাউ বলেন, পুরভোটের দিন যেভাবে শাসক দল রিগিং, ছাপ্পা সহ বিরোধীদের মারধর করেছে, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপির রাজ্য নেতৃত্ব বারো ঘন্টার বনধ ডেকেছে। সেই বন্ধ আজ হুগলিতে সফল হয়েছে।

যদিও তৃণমূল নেতারা দাবি করে বলেন, জেলায় বনধের কোনও প্রভাবই পড়েনি। সব কিছুই স্বাভাবিক ছিল। পুলিশ জানিয়েছে, কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *