অধিক সংখ্যক ট্রেনের দাবিতে নলপুরে রেল অবরোধ

আমাদের ভারত, হাওড়া, ১ নভেম্বর: দীর্ঘ ৬ মাস বাদে ট্রেন চালু হওয়ার পর দ্বিতীয় দিনেই ট্রেনে উঠতে না পেরে ট্রেন অবরোধে সামিল হল নিত্যযাত্রীরা। আরও বেশি সংখ্যক ট্রেন চালানোর দাবিতে সোমবার সকালে দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনে এই বিক্ষোভে প্রায় দুই ঘন্টা ট্রেন আটকে থাকে। পরে রেলের তরফে বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখার আশ্বাস দেওয়ার পর অবরোধ ওঠে।

করোনা সংক্রমনের কারণে দীর্ঘদিন রাজ্যে লোকাল ট্রেন বন্ধ ছিল। যদিও মাঝে কয়েকটি ষ্টাফ স্পেশাল চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও এই ট্রেনে নিত্যযাত্রীদের ওঠার অনুমতি না থাকায় একাধিকবার ট্রেন অবরোধের মত ঘটনাও ঘটেছিল। যদিও সংক্রমণ কিছুটা কমায় রবিবার থেকে রাজ্যে লোকাল ট্রেন চালানোর সবুজ সংকেত দেয় রাজ্য সরকার। এদিকে রবিবার প্রথম দিন ট্রেন চালু হলেও ছুটির দিন থাকায় সেভাবে ট্রেনে ভিড় না হলেও সোমবার সকাল থেকেই ট্রেনে বাদুড়ঝোলা ভিড় লক্ষ্য করা যায়। এদিন সকাল ১০ টা ১০ নাগাদ একটি ডাউন লোকাল নলপুর স্টেশনে আসলেও ভিড়ের কারণে অধিকাংশ যাত্রী ট্রেনে উঠতে না পেরে ক্ষোভে ফেটে পড়ে। এমনকি যখন তারা জানতে পারে বেলা ২ টোর আগে আর কোনও ট্রেন নেই তারপরেই ক্ষুব্ধ যাত্রীরা রেল লাইনে নেমে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকার পর রবিবার থেকে ট্রেন চালু হওয়ায় অনেকেই বাসের পরিবর্তে ট্রেনে যাতায়াত শুরু করেছে। ফলে সোমবার থেকেই ট্রেনে ভিড় বাড়ছে। নিত্যযাত্রীদের অভিযোগ, যাত্রীদের চাপ বাড়লেও ট্রেনের সংখ্যা না বাড়ানোর পাশাপাশি নতুন সময়সূচি হওয়ায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। তাদের মতে ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি নতুন সময়সূচি না তৈরী হয় তাহলে মানুষের দুর্ভোগ কমবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *