Sukanta, BJP, Raiganj, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী হলো কলিযুগের মিরজাফর, তৃণমূল দলবদলু বিধায়ককে তোপ সুকান্তর

আমাদের ভারত, ২১ জানুয়ারি: বুধবার বিজেপির সভা থেকে উত্তর দিনাজপুরের রাজনৈতিক পারদ আরো কিছুটা ঊর্ধ্বে উঠল। রায়গঞ্জ স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন ময়দানে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় জন জোয়ারে ভাসলেন বিজেপির রাজ্য নেতা সুকান্ত মজুমদার। আনাচে কানাচে ভরা ময়দানে সভা মঞ্চ থেকে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী থেকে শুরু করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কাউকেই তোপ দাগতে ছাড়লেন না সুকান্তবাবু।

বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী তাঁর বক্তব্যে শুরুতেই বিঁধলেন দলবদলু স্থানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। দলত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী হলো কলি যুগের মিরজাফর। আমাদের ভোটে জিতে ওপারে পালিয়ে গেছে। তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, সাহস থাকলে আগামী নির্বাচনে কৃষ্ণ কল্যাণীকেই প্রার্থী করুক শাসক দল। বিজেপি নাকখত দিয়ে তাকে হারাবে। এমনকি দুর্নীতির অভিযোগেও বিধায়কের জেল খাটানোর হুঁশিয়ারি দেন তিনি।

রাজ্যের শাসক দলকে তুলোধনা করে কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, রাজ্যে সর্বত্র দুর্নীতি জেঁকে বসেছে এবং এর অবসান ঘটাতে বিজেপির এই পরিবর্তন সংকল্প যাত্রা। এদিনের সভায় সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, অম্লান ভাদুড়ি এবং জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ এক ঝাঁক পদ্ম নেতৃত্ব।

তবে সুকান্ত মজুমদারের আক্রমণের জবাবে তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগারওয়াল বলেন, আমরা নাকখত দিয়ে বলছি যে, আমরা বিজেপি প্রার্থীকে হারাবো।

তবে সুকান্ত মজুমদারের সভায় ভিড় ছিল চোখে পড়ার মত। তার উপর আবার বিজেপি নেতার আক্রমণাত্মক মেজাজ আগামী দিনের নির্বাচনের আগে জেলার রাজনৈতিক সমীকরণকে যে আজ আরো উত্তপ্ত করল তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *