পাড়ার দুই ব্যক্তির হাতে আক্রান্ত হলেন রায়গঞ্জ টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রিয়তোষ মুখার্জি

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৩ নভেম্বর: নিজের পাড়ার দুই ব্যক্তির হাতে শারীরিকভাবে নিগৃহীত হলেন রায়গঞ্জ টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রিয়তোষ মুখার্জি। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন প্রিয়তোষবাবুর সহকারি সজল দত্তও। শনিবার বেলা ১১ টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের অশোক পল্লী এলাকায়।

উল্লেখ্য, রায়গঞ্জ টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রিয়তোষবাবু স্থানীয় রায়গঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বাতি মুখার্জির স্বামী। স্থানীয় বাসিন্দারা বলেন, রায়গঞ্জ শহরের এনএস রোডের ধারে আশা টকিজ সিনেমা হলের পাশে ছট্টু সাহা ও তার বাবা শম্ভু সাহার সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী এক পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ব্যাপারে বিভিন্ন সময়ে স্থানীয় কাউন্সিলর প্রিয়তোষবাবুর স্ত্রী স্বাতী মুখার্জির কাছে সমঝোতার জন্য এসেছিল দু’পক্ষই। কিন্তু শম্ভু ও ছোট্টুর সে ব্যাপারে দীর্ঘদিন ধরেই রাগ ছিল প্রিয়তোষ বাবুর উপর। এই কারণেই সম্ভবত এ দিন স্থানীয় অমর ও সুব্রত পুজো মণ্ডপের কাছে প্রিয়তোষবাবু ও তাঁর সহকারী সজল দত্তের সঙ্গে বিবাদে মেতে ওঠে শম্ভু ও ছোট্টু। সেই সময় আচমকাই তারা দুজনেই কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারতে থাকে প্রিয়তোষ বাবু ও তাঁর সহকারী সজলবাবুকে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। এরপর গুরুতর জখম অবস্থায় প্রিয়তোষবাবু ও সজল বাবুকে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’জনেই এখন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিন হাসপাতালের বেডে শুয়ে প্রিয়তোষবাবু বলেন, কি কারণে এত সাহস দেখিয়ে ওরা আমাদের উপর হামলা চালাল তা বুঝে উঠতে পারছি না। অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার কারণেই ওরা আমার উপর হামলা চালিয়েছে।

অন্যদিকে, এই ঘটনায় ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ শম্ভু ও ছোট্টুকে গ্রেপ্তার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *