হারিয়ে যাওয়া টাকা ও গুরুত্বপূর্ণ নথি সহ ব্যাগ রোগীর পরিবারের হাতে তুলে দিল রায়গঞ্জ থানার ট্রাফিক পুলিশ

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৩ জুন: হারিয়ে যাওয়া টাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি সহ ব্যাগ এক রোগীর পরিবারের হাতে তুলে দিল রায়গঞ্জ থানার ট্রাফিক পুলিশ। শিলিগুড়ি থেকে কলকাতাগামী একটি প্রাইভেট গাড়ি থেকে টাকা সহ ব্যাগ পড়ে গেলে এক মহিলা তা উদ্ধার করে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে ট্রাফিক পুলিশের হাতে তুলে দেন। কিছুক্ষণ পরে এসে শিলিগুড়ির বাসিন্দা অঞ্জিতকর মল্লিকের হাতে প্রমান সহ ব্যাগটি তুলে দেয় রায়গঞ্জ ট্রাফিক পুলিশ। পুলিশ ও রায়গঞ্জবাসীর এই মানবিক ভূমিকায় খুশী অঞ্জিতকর মল্লিক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে একটি পরিবার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রাইভেট গাড়িতে করে কলকাতায় যাচ্ছিল। মঙ্গলবার রাত ১০টা নাগাদ রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে পুলিশ ট্রাফিক পয়েন্টে দাঁড়ালে গাড়ির আরোহী শিলিগুড়ির বাসিন্দা অঞ্জিতকর মল্লিক ওয়াসরুমে যান। সেইসময় গাড়িতে রাখা টাকা ও গুরুত্বপূর্ণ নথি ভর্তি ব্যাগ অসাবধনতাবশত রাস্তায় পড়ে যায়। ওই রাস্তা দিয়েই যেতে থাকা রায়গঞ্জ শহরের এক পরিবার ব্যাগটি পড়ে যেতে দেখে তা তুলে নিয়ে পাশেই থাকা রায়গঞ্জ ট্রাফিক পুলিশের অফিসে জমা দিয়ে দেন। এদিকে ওয়াসরুম থেকে বের হয়ে গাড়িতে উঠে সোজা কলকাতার উদ্দেশ্যে রওনা হন অঞ্জিতকর মল্লিক। কিছুদূর যাওয়ার পর তিনি ব্যাগের খোঁজ করতেই ব্যাগ না মেলায় দ্রুত ফিরে আসেন শিলিগুড়ি মোড়ে পুলিশের ট্রাফিক পয়েন্টে। ব্যাগ কুড়িয়ে পাওয়া মহিলা অঞ্জিতকর মল্লিককে দেখেই জানিয়ে দেন যে তার ব্যাগটি রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে ট্রাফিক পুলিশের কাছে জমা দেওয়া আছে। এরপর রায়গঞ্জ ট্রাফিক পুলিশ উপযুক্ত প্রমাণ সাপেক্ষে টাকা সহ ব্যাগটি অঞ্জিতকর মল্লিকের হাতে তুলে দেন।

অঞ্জিতকর মল্লিক বলেন, এই ব্যাগে টাকা সহ ভোটার কার্ড, আধার কার্ড এবং চিকিৎসার সমস্ত নথিপত্র ছিল। কলকাতায় তাঁর আত্মীয়ের চিকিৎসা চলছে। এগুলো না পেলে খুবই সমস্যার মধ্যে পড়ে যেতেন তিনি। রায়গঞ্জের মানুষ এবং বিশেষ করে রায়গঞ্জ পুলিশের ভূয়সী প্রশংসা করেন অঞ্জিতকর দেবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *