স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ এপ্রিল: করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে রায়গঞ্জ শহরে দিনের পর দিন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় কড়া পদক্ষেপ নিতে চলেছে রায়গঞ্জ পুরসভা। করোনা পরিস্থিতি সামাল দিতে নির্দেশিকা জারি করেছে রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ। শহরের মানুষদের সুরক্ষিত রাখার জন্য কিছু নিয়মাবলী মেনে চলার জন্য অনুরোধ জানালেন রায়গঞ্জ পুরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস। মুখে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বিধি মেনে চলার জন্য আবেদন জানিয়েছেন সন্দীপবাবু। সারা দেশের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতে রোজ করোনার সংক্রমণ বেড়েই চলেছে। করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে শক্ত হাতে পদক্ষেপ নিতে চলেছে রায়গঞ্জ পুরসভা।
রায়গঞ্জ পুরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, আগামী দিনে মানুষ মাস্ক না পরলে ও সামাজিক দূরত্ব বজায় না রাখলে ফাইনের ব্যবস্থা করা হবে বলে। পাশাপাশি তিনি আরও বলেন, প্রথমে শহরে মাইকিং করে সাধারণ মানুষদের জানিয়ে দেওয়া হবে। তার পরেও যদি মানুষ তা না মানে আইনকে বুড়ো আঙুল দেখায় তালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সন্দীপবাবু।

