স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ মে:
ফুটপাতের দোকান পুনর্বাসনের মাধ্যমে শহরকে যানজট মুক্ত করে নগরবাসীর চলাচলের সুবিধার জন্য উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা। শনিবার রায়গঞ্জ শহরের ব্যস্ততম এলাকা মোহনবাটি বাজারের সামনে রায়গঞ্জের রাজপথ নেতাজী সুভাষ রোডের যানজট এড়াতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করল রায়গঞ্জ পুর কর্তৃপক্ষ। রাস্তার ধারে থাকা ফল ব্যাবসায়ীদের সুপার মার্কেটে পুনর্বাসনের ব্যবস্থা করে সেখানে একটি বাসস্টপ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। যেখানে সাধারণ যাত্রীরা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবেন। এর পাশাপাশি জনাকীর্ণ এই মোহনবাটি বাজার এলাকায় রাস্তার ধারে বসা দোকানদারদের অন্যত্র পুনর্বাসন দিয়ে রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করে সৌন্দর্যায়ন বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার রায়গঞ্জের মোহনবাটি এলাকায় পরিদর্শনে যান রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার সহ পুরসভার সিআইসি মেম্বারগণ। ছিলেন রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী। পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস রাস্তার ধারে থাকা ফল ব্যাবসায়ী সহ অন্যান্য দোকানদারদের পুনর্বাসনের নির্দিষ্ট করা জায়গায় চলে যাওয়ার জন্য অনুরোধ করেন।

