বড়দিনে দুয়ারে ভ্যাক্সিন, অসুস্থ ও বয়স্ক নাগরিকদের সন্ধান করে বাড়ি বাড়ি গিয়ে ভ্যাক্সিন দিল রায়গঞ্জ পৌরসভা

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৫ ডিসেম্বর: বড়দিনে দুয়ারে ভ্যাক্সিন। অসুস্থ ও বয়স্ক নাগরিকদের সন্ধান করে বাড়ি বাড়ি গিয়ে ভ্যাক্সিন দিল রায়গঞ্জ পৌরসভা। পুরসভার এই উদ্যোগে খুশি সাধারণ মানুষও। শনিবার বড়দিনের উৎসবে মেতেছে বাঙালি। কিন্তু এরই মাঝে এলাকার অসুস্থ বয়স্ক নাগরিকদের সন্ধান করে তাদের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাক্সিন দেওয়ার ব্যবস্থা করল রায়গঞ্জ পুরসভা।

শনিবার পুরপিতার উপস্থিতিতে পৌর প্রশাসন ও স্বাস্থ্য দফতরের বিশেষ দল শহরের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভ্যাক্সিন দেন। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা যারা ভ্যাক্সিন কেন্দ্রে গিয়ে ভ্যাক্সিন নিতে পারেন নি তাদের তালিকা তৈরি করা হয়েছে। পুরসভা এলাকার প্রায় কয়েক শতাধিক এমন ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য দফতরের মাধ্যমে এই ভ্যাক্সিন প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

পুরপিতা সন্দীপ বিশ্বাস জানান, ২৫ ডিসেম্বর বড় দিন, এই বিশেষ দিনটিকে বেছে নিয়ে স্বাস্থ্য দফতরের কর্মীদের সাথে থেকে ভ্যাক্সিন দেওয়া হচ্ছে। এদিকে পুরসভার এই প্রয়াসে খুশি সাধারণ মানুষও। এভাবে স্বাস্থ্যকর্মীরা দুয়ারে এসে ভ্যাক্সিন দেওয়ায় অসুস্থ ও বয়স্করাও ভ্যাক্সিন পেলেন এবং তারাও নিরাপদ থাকবেন বলে দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *