স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ ফেব্রুয়ারি: পথ দুর্ঘটনায় মৃত্যু হল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নিরাপত্তারক্ষীদের গাড়ির চালকের। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ফারাক্কার ৩৪ নং জাতীয় সড়কে। মৃত গাড়ির চালকের নাম রবীন বারুই। তার বাড়ি রায়গঞ্জ পুরসভার ১নং ওয়ার্ডের পূর্ব অশোকপল্লীতে।

জানা গিয়েছে, শুক্রবার রাতে কলকাতার উদ্দেশ্যে সড়কপথে রওনা হন কৃষ্ণবাবু। তার গাড়ির পেছনেই ছিল নিরাপত্তারক্ষীদের গাড়িটি। ফারাক্কার কাছে একটি ডাম্পারের সাথে গাড়িটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই গাড়ির চালকের মৃত্যু হয়। অল্পবিস্তর আহত হন নিরাপত্তারক্ষীরা। খবর পেয়ে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

শনিবার মৃত গাড়িচালকের দেহ নিয়ে আসা হয় রায়গঞ্জে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সদস্যদের মধ্যে।

