স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ অক্টোবর: সরকারি হাসপাতালের প্রতীক্ষালয়ে প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা। গভীর রাতে অসহায় মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বৃহস্পতিবার গভীর রাতে মেডিক্যাল কলেজের সহকারি অধ্যক্ষের অফিসের একেবারে পাশেই প্রতীক্ষালয়ে এই নির্মম ঘটনাটি ঘটেছে। এই স্থানে অবস্থিত প্রতীক্ষালয়ের ভেতরে নেই কোনো সিসিটিভি ক্যামেরা। নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা।

জানা যায়, গত কদিন ধরেই মাঝ বয়সী মানসিক ভরসাম্যহীন এক মহিলা ঐ প্রতীক্ষালয়ে রয়েছে। তার ঠিকানা বলতে পারেনি কেউই। বৃহস্পতিবার গভীর রাতে সেখানেই ঘুমিয়েছিলেন অসহায় ওই মহিলা। পাশেই ছিলেন বেশ কিছু রোগীর আত্মীয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই এক ব্যক্তি সেখানে শুয়ে পড়েন। কিছুক্ষণ বাদে সে ঐ মহিলার পাশে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি লক্ষ্য করে অন্যান্য রোগীর আত্মীয়রা তাকে ধরে ফেলে। খানিক চড় থাপ্পরও মারা হয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে যায়।

অভিযুক্ত ব্যক্তির নাম আজগর সরকার। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপনে। সংবাদমাধ্যমের সামনে অভিযোগ স্বীকার করেছে সে। জানা যায়, অভিযুক্তের মেয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। সেই সুবাদে হাসপাতালে এসেছিল সে। এই ঘটনার পর পুলিশ ঐ মহিলাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

