সুপ্রিয়া দত্ত হত্যা কান্ডের মূল অভিযুক্ত প্রবাল সরকারকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ রায়গঞ্জ আদালতের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ নভেম্বর: রায়গঞ্জে সুপ্রিয়া দত্ত হত্যাকান্ডে গ্রেফতার মূল অভিযুক্ত প্রবাল সরকারকে রবিবার ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল রায়গঞ্জ জেলা আদালত। রবিবার দুপুরে ১০ দিনের পুলিশি হেপাজত শেষে তাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলে অতিরিক্ত চারদিনের পুলিশি হেপাজতের আবেদন মঞ্জুর করে চিফ্ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

পুলিশ সূত্রে জানাগেছে, খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র, ঘটনার দিনে ব্যবহৃত জামা কাপড় উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই, অভিযুক্ত প্রবাল সরকার যেই মোটরবাইক নিয়ে রায়গঞ্জে এসেছিল সেই মোটর বাইকটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি উদ্ধার হয়েছে বাইকের হেলমেট ও চাবি। এসবই জলপাইগুড়ির বামন পাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানাগেছে, ব্যবহৃত অস্ত্রটি ব্যাগে করে নিয়ে এসেছিল প্রবাল। কাজ শেষে তা আবার নিয়ে চলে যায় সে এবং যে দোকান থেকে ঐ অস্ত্রটি বানানো হয়েছিল, পুলিশ সেখানে গিয়ে দোকান মালিককে জিজ্ঞাসাবাদ করে। সেক্ষেত্রে দোকান মালিক অস্ত্রটি বানিয়ে দেওয়ার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এদিন এই বিষয়ে সরকারি আইনজীবী পিন্টু ঘোষ জানিয়েছেন, ধৃত প্রবাল সরকারকে আরও চারদিনের পুলিশি হেপাজতের আবেদন করা হয়েছিল। বিচারক কাদিরা সুলতানা সেই আবেদন মঞ্জুর করে ধৃতকে চারদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন। তবে খুনের উদ্দেশ্য এখনও প্রকাশ্যে আসেনি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান সরকারি আইনজীবী পিন্টু ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *