স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৭ মার্চ: বদলির আদেশের এক বছর পার হয়ে গেলেও নতুন স্কুলে কাজে যোগদান করতে দেওয়া হয়নি এক শিক্ষিকাকে। উচ্চ আদালতের দ্বারস্থ হওয়া শিক্ষিকা সংযুক্তা রায়ের মামলার শুনানীতে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষকের বেতন বনধের নির্দেশ দেওয়ার পাশাপাশি আগামী ২১ মার্চ উচ্চ আদালতের এজলাসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার শিক্ষা মহলে।
যদিও রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষক কালীচরণ সাহা জানিয়েছেন, তিনি এই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর তাঁর কাছে কাজে যোগদানের জন্য সংযুক্তা রায় নামে কোনও শিক্ষিকা আসেননি। তিনি ওই শিক্ষিকাকে চোখেও দেখেননি। আদালতের শুনানির বিষয় নিয়ে কালীচরণ বাবুর বক্তব্য, বিচার ব্যাবস্থার উপর তাঁর পূর্ণ ভরসা আছে। বেতন বন্ধ হওয়ার বিষয়ে তিনি তাঁর স্বপক্ষে এজলাসেই বলবেন।

অন্যদিকে, জেলা বিদ্যালয় পরিদর্শক দীপক কুমার ভক্ত জানিয়েছেন, মহামান্য আদালতের নির্দেশে প্রধান শিক্ষকের বেতন বন্ধের কথা বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
২০১৪ সালের জানুয়ারি মাসে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ২ নম্বর ব্লকের টুটিকাটা হার্মা আদিবাসী গার্লস স্কুলের ইংরেজি শিক্ষিকার পদে কাজে যোগদান করেন সংযুক্তা রায়। সেখান থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তাঁকে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে বদলি করা হয়। শিক্ষিকা সংযুক্তা রায়কে পুরোনো স্কুল টুটিকাটা হার্মা আদিবাসী গার্লস স্কুল থেকে রিলিজও দিয়ে দেওয়া হয়। এদিকে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে ইংরেজি বিষয়ের শিক্ষক পদ খালি থাকা সত্বেও এবং কমিশনের বদলির আদেশনামা থাকা সত্বেও স্কুলে কাজে যোগদান করতে দেওয়া হয়নি। কেন একবছর ধরে ওই শিক্ষিকাকে রায়গঞ্জ করোনেশন হাইস্কুল কর্তৃপক্ষ কাজে যোগ দিতে দেয়নি তার কোনও সদুত্তর দিতে পারেনি বলে অভিযোগ। ফলে দীর্ঘ এক বছর কাল যাবৎ শিক্ষিকা কর্মহীন বেতনহীন অবস্থায় দিনাতিপাত করছেন। এদিকে এই বিষয় নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন শিক্ষিকা সংযুক্তা রায়। আদালত এর আগের শুনানিতে বলেছিল অবিলম্বে ওই শিক্ষিকাকে কাজে যোগদান করতে দেওয়ার জন্য। কিন্তু এরপরেও তাঁকে কাজে যোগদান না করানোয় এদিন আদালত রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষক কালীচরণ সাহার বেতন বন্ধের জন্য জেলা বিদ্যালয় পরিদর্শক
(মাধ্যমিক) এর কাছে নির্দেশ পাঠানোর পাশাপাশি আগামী ২১ মার্চ প্রধান শিক্ষককে উচ্চ আদালতের এজলাসে হাজির হওয়ার নির্দেশ দেন।
খবরের কাগজে এই নির্দেশনামা দেখার পর রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষক কালীচরণ সাহা জানিয়েছেন, তিনি এই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর কোনওদিনই সংযুক্তা রায় নামে কোনও শিক্ষিকা যোগদান করতে আসেননি। আমার স্বপক্ষে যা কিছু বলার তা এজলাসে হাজির হয়েই বলবো।

