আদিবাসীদের ডাকা বনধে স্তব্ধ রায়গঞ্জ শহর

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৭ এপ্রিল: ৪ আদিবাসী মহিলাকে দণ্ডি কাটানোর প্রতিবাদে আদিবাসীদের ডাকা ১২ ঘন্টার বনধে মিশ্র প্রভাব পড়ল উত্তর দিনাজপুর জেলায়। জেলা সদর রায়গঞ্জে বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে আদিবাসী সেঙ্গেল অভিযান। রায়গঞ্জের গুরুত্বপূর্ণ শিলিগুড়ি মোড় ও শহরের প্রবেশ পথ কসবা মোড়ে দু’জায়গায় পথ অবরোধ করে আদিবাসীরা৷

গত ৭ এপ্রিল বালুরঘাটে ৪ আদিবাসী মহিলাকে দণ্ডি কাটানোর ঘটনায় ক্ষোভে ফুঁসছে আদিবাসীরা। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া ৪ মহিলাকে ভর সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় দণ্ডি কাটিয়ে তৃণমূলে ফেরানো হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীকে জেলা মহিলা তৃণমূল সভানেত্রীর পদ থেকে সরিয়ে দিলেও খুশি নয় আদিবাসীরা৷ তাকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সোমবার ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দেয় আদিবাসীদের সংগঠন আদিবাসী সেঙ্গেল অভিযান৷

এদিন বনধ সফল করতে সকাল থেকে পথে নামে আদিবাসীরা। রায়গঞ্জের কসবা মোড়ে শুরু হয় বনধ সমর্থকদের জাতীয় সড়ক অবরোধ। ফলে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। অবিলম্বে দন্ডি কাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেপ্তার না করলে সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠন নেতৃত্ব। এদিকে শিলিগুড়ি মোড়েও শুরু হয় অবরোধ। ধামসা, মাদল ও তিরধনুক নিয়ে শিলিগুড়ি মোড়ে অবরোধ করেন ক্ষুব্ধ আদিবাসীরা। দফায় দফায় আলোচনা চললেও কোনো ফল বের হয়নি। অবরোধে অনড় থাকায় স্তব্ধ রায়গঞ্জ শহর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *