স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩০ মে:
মোদীজির নেতৃত্বে কেন্দ্রের বিজেপি সরকারের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষ্যে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি গ্রহণ করলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী। এই কর্মসূচি উপলক্ষ্যে রায়গঞ্জ ব্লকের শেরপুরে কুলিক নদী সংস্কার ও সংলগ্ন এলাকা নিজে হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে হাত লাগালেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিজেপির রায়গঞ্জ মন্ডল কমিটির সভাপতি অভিজিৎ যোশী সহ বিজেপির বহু নেতা কর্মী আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিজেপি বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পরদিন থেকেই নিজের বিধানসভা এলাকা রায়গঞ্জের মানুষের দুঃখ দুর্দশা ঘোঁচাতে একের পর এক মানবিক উদ্যোগ নিয়ে চলেছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এবার দলীয় কর্মীদের নিয়ে এলাকায় স্বচ্ছ অভিযান কর্মসূচি পালন করলেন তিনি। রবিবার রায়গঞ্জ ব্লকের শেরপুর গ্রামে কুলিক নদীর ঘাট আবর্জনামুক্ত করার কাজ করলেন তিনি। এর পাশাপাশি কুলিক নদীঘাট সংলগ্ন এলাকায় ঝোঁপঝাড় জঙ্গল নিজে হাতে কেটে তা পরিষ্কার করার কাজ করলেন বিধায়ক। জানালেন, দূষিত হয়ে যাওয়া এই নদীতে বহু মানুষ স্নান সহ অন্যান্য কাজ করেন। তাই এই নদী দূষণ ও আবর্জনামুক্ত করার কাজে হাত দিয়েছি।
বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, আজ মোদীজির নেতৃত্বে কেন্দ্রের বিজেপি সরকারের সপ্তম বর্ষপূর্তি। সেই উপলক্ষ্যে আমরা দলের পক্ষ থেকে রায়গঞ্জ বিধানসভা এলাকায় স্বচ্ছ অভিযান কর্মসূচি পালন করছি।

