স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৩ মে: আগামীকাল ঈদ উপলক্ষে দুস্থ মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করলেন রায়গঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ বিধানসভার গৌরী গ্রামপঞ্চায়েত এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নতুন বস্ত্র বিতরণ করলেন তিনি। ঈদের আগে নতুন বস্ত্র হাতে পেয়ে খুবই খুশী এলাকার মুসলমান সম্প্রদায়ের মানুষ।
মাত্র কদিন আগেই রাজ্য বিধানসভায় শপথ গ্রহন করেছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী। এরপরেই রায়গঞ্জে এসে সমাজসেবামূলক কাজে ঝাঁপিয়ে পড়েছেন। রাজনীতিতে আসার অনেক আগে থেকেই দুস্থ পীড়িতদের সাহায্যার্থে একাধিক কর্মসূচি নিয়েছিলেন তিনি।

গতবছর লকডাউনে হাজার হাজার দুস্থ পীড়িত মানুষের মুখে তুলে দিয়েছিলেন খাবার। করোনা মোকাবিলায় জেলা প্রশাসনের হাতে তুলে দিয়েছেন ২৫ লক্ষ টাকা। এবার রাজনীতির ময়দানে নেমে বিধানসভা নির্বাচনে জয়লাভ করে বিজেপির বিধায়ক হয়েছেন তিনি। বিধায়ক হওয়ার পরই ঈদ উপলক্ষে দুস্থ মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র। জানালেন, রায়গঞ্জ বিধানসভা এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষরা যাতে ভালোমতো তাঁদের ঈদ উৎসব পালন করতে পারে সেজন্য তাদের হাতে শাড়ি, লুঙ্গি ও মাস্ক তুলে দেওয়া হল। বৃহস্পতিবার রায়গঞ্জ বিধানসভার গৌরী গ্রামপঞ্চায়েতের শ্যামপুর হাট এলাকায় একেবারে ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপলক্ষে এই বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানালেন কৃষ্ণ কল্যাণী।

