আমাদের ভারত, বিধাননগর, ৯ আগস্ট: লেকটাউনের এক বাসিন্দাকে নন ব্যাঙ্কিং ব্যবস্থায় লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা ঘটনায় আরো একজনকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করল পুলিশ।
জানা গেছে, লেকটাউনের এক বাসিন্দাকে নন-ব্যাঙ্কিং ব্যবস্থায় ১০ কোটি টাকার লোন দেওয়ার নাম করে ২ কোটি টাকার প্রতারণা করা হয়। গত ২৩ জুলাই লেক টাউন থানায় অভিযোগ জানান প্রতারিত ব্যক্তি। সেই ঘটনার তদন্তে নেমে এর আগে এক অভিযুক্তকে গ্রেফতার করে লেক টাউন থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে রাহুল শর্মা নামে আরও এক অভিযুক্তের। এরপরই গতকাল দিল্লি থেকে এই অভিযুক্তকে গ্রেফতার করে লেক টাউন থানার পুলিশ। আজ তাকে বিধাননগর আদালতে তোলা হবে। তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এর সঙ্গে আর কারা জড়িত আছে তদন্ত করে দেখছে পুলিশ।

