আমাদের ভারত, ১৯ নভেম্বর: রাহুল গান্ধীকে হিন্দু বিরোধী তকমা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমের মুখ্যমন্ত্রীর দাবি, রাহুল গান্ধী দেশ বিরোধী। তার দেশের ইতিহাস নিয়ে কোনো রকম জ্ঞান নেই। সাভারকর সম্পর্কে রাহুল গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতে এভাবেই তাকে পাল্টা দিয়েছেন হিমন্ত।
শুক্রবার গুজরাটের কচ্ছ এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারতের ইতিহাস নিয়ে ন্যূনতম জ্ঞান নেই রাহুল গান্ধীর। সাভারকার নিয়ে তিনি যে শব্দ ব্যবহার করেছেন তাতে তার আদর্শ কি , সেটা প্রকাশিত হয়ে গেছে। তিনি একজন দেশ বিরোধী। এর বদলা নেবে দেশের আম জনতা। তারাই তাকে উপযুক্ত জবাব দেবেন।
এর আগে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, মহাত্মা গান্ধী, জহরলাল নেহেরু, সর্দার বল্লভ ভাই প্যাটেলের মতো নেতাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন বিনায়ক দামোদর সাভারকর। ব্রিটিশদের চিঠি দিয়ে তিনি নিজেকে তাদের অনুগত ভৃত্য বলে জানিয়েছিলেন তিনি। বিরসা মুন্ডার জন্মদিনে তাকে সম্মান জানাতে গিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাহুল বলেন, বিরসা মুন্ডাকে জমি দিতে চেয়েছিল ব্রিটিশরা। কিন্তু ব্রিটিশদের কাছে মাথা নত করতে অস্বীকার করে মৃত্যুকে বেছে নেন তিনি। তাকে আদর্শ না করে বিজেপি এবং আরএসএস যাকে আদর্শ করেছে সেই সাভারকারজি ব্রিটিশদের অনুগ্রহ এবং পেনশন ভোগ করতেন।
রাহুল গান্ধীর এই মন্তব্য ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি ও শিবসেনা। এমনকি মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে তাদের জোট ভেঙ্গে যেতে পারে বলে আশঙ্কা একাংশের। রাহুলের এই মন্তব্য নিয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউৎ বলেন, এর ফলে মহাজোট ভেঙ্গে যাবে না, তবে এই রকম মন্তব্যের কারণে দু’পক্ষের সম্পর্কে তিক্ততা আসবে, যেটা খুব ভালো চিহ্ন নয়। একই সঙ্গে সঞ্জয় রাউত বলেন, সাভারকরকে নিয়ে এরকম মন্তব্য মহারাষ্ট্রের বাসিন্দারা মেনে নেবে না। এখানে কংগ্রেস নেতারা রাহুল গান্ধীকে সমর্থন করবে না। বেকারত্ব মূল্য বৃদ্ধির মতো একাধিক ইস্যুতে কংগ্রেস যে ভারত জোড়ো যাত্রা করছে তা সমর্থন পেলেও এরকম মন্তব্য এখানকার মানুষ ভালোভাবে মেনে নেবে না।
অন্যদিকে এই ইস্যুতে পুনের কংগ্রেস অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির কর্মীরা। দামোদর সাভারকারের নাতি রঞ্জিত সাভারকর বৃহস্পতিবার রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন। তার অভিযোগ রাহুল হিন্দুদের আদর্শকে অপমান করেছেন।

