রহমানের গানের কথা এবং সুর পাল্টে দিয়ে বদলা হিরো আলমের

আমাদের ভারত, ১৫ নভেম্বর: নজরুল ইসলামের গানের কথা এবং সুর পাল্টে দিয়ে বিতর্ক তৈরি করেছেন এআর রহমান। এবার তার বদলা নিলেন বাংলাদেশের শিল্পী হিরো আলম।

হিরো রেকর্ড করেছেন নিজের মতো করে। সেই ভিডিয়ো ছেড়ে দিয়েছেন নেটমাধ্যমে। তা দেখে বাংলাদেশের মানুষ বেজায় খুশি। খুশি এপার বাংলার মানুষও। যেন জ্বলতে থাকা হৃদয়ে খানিক বরফ বুলিয়ে দিয়েছেন হিরো আলম।

মঙ্গলবারই বাংলাদেশের গায়ক, সঙ্গীত পরিচালক ও গীতিকার মোমো রহমানের পাশে দাঁড়িয়ে হিরো আলম সমাজমাধ্যমে জানান, নজরুলের গানে সুর দিয়েছেন এআর রহমান। বুধবার হিরো এআর রহমানের একটি বিখ্যাত গানে সুরারোপ করবেন। এরপর ‘এ আর রহমানের গান গেয়ে প্রতিবাদ জানালেন বাঙালি জাতির পক্ষে হিরো আলম’ শিরোনাম দিয়ে মোমো এবং হিরো এআর রহমানের বিখ্যাত গান ‘জয় হো’ গলা কাঁপিয়ে ভাসিয়ে দিলেন নেটমাধ্যমে। বুধবার বেলা সাড়ে চারটে পর্যন্ত এটির দর্শক হয়েছে ১২ লক্ষ, অপর একটির ৯৪ হাজার। সঙ্গে লিখে দিয়েছেন, “এবার নিশ্চয়ই বুঝতে পারছেন।”

গান শুনে নেটনাগরিকরা অনেকে মন্তব্য করেছেন, “সঠিক প্রতিবাদ। এই গানটা এখন এ আর রহমানের কাছে পাঠানো উচিত। আর জিজ্ঞেস করা উচিত নজরুলের গান আর বিকৃত করবে কি না?” তারপর হুঁশিয়ারি দিয়ে সেই ব্যক্তি এও বলেছেন, “এমন করলে আমাদের হিরো আলম রহমান সাহেবের সব গান এভাবে রেকর্ড করে ছেড়ে দেবে।” এই মন্তব্যে হাজারেরও বেশি লাইক পড়েছে। এসেছে সমর্থন।

এদিকে সোমবার সন্ধ্যায় ‘পিপ্পা’ ছবির নির্মাতারা একটি বিবৃতিতে বলেন, নজরুল পরিবারের থেকে সব রকম অনুমতি নিয়েই ‘কারার ওই লৌহ কপাট’কে ‘রিক্রেট’ করা হয়েছে। চুক্তিপত্রে সইও করেছেন নজরুল পরিবারের দুই সদস্য কল্যাণী কাজী এবং কাজী অনির্বাণ।

এরপর কাজী অনির্বাণ সংবাদমাধ্যমকে বলেছেন, “আমার মা প্রয়াত কল্যাণী কাজী (চুক্তিপত্র তৈরি হওয়ার সময় তিনি জীবিত ছিলেন) সরল বিশ্বাসে গানটি গাওয়ার অনুমতি দিয়েছিলেন রহমান সাহেবকে। তিনি ভেবেছিলেন তাঁর মতো আন্তর্জাতিকমানের একজন শিল্পী যখন গানটি গাইবেন, পৃথিবীর সবপ্রান্তে তা ছড়িয়ে পড়বে। কিন্তু ঘুণাক্ষরেও বোঝা যায়নি গানের সুর এবং কথা পাল্টে ফেলা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *