অলচিকি ভাষার স্রষ্টা রঘুনাথ মুর্মুর জন্মদিবস পালন বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ মে:
অলচিকি লিপি বা সাঁওতালি বর্ণ পরিচয়ের স্রষ্টা পন্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনটিকে আদিবাসী শিক্ষক দিবস হিসাবে পালন করে সারা বাংলা আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ।

আজ সকালে খাতড়া পাম্প মোড়ে রঘুনাথ মুর্মুর জন্মদিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রঘুনাথ মুর্মুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে বক্তব্য রাখেন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের বাঁকুড়া জেলার সভাপতি সুনীল মান্ডি, ঝাড়খণ্ড জাতীয় পার্টির সভাপতি গৌর হেমব্রম, সহ সভাপতি ধীরেন্দ্র নাথ মান্ডি পন্ডিত রঘুনাথ মুর্মুর সমাজ সংস্কার, স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা উল্লেখ করে বক্তব্য রাখেন। আদিবাসী হস্টেল তুলে দেওয়া, আদিবাসী স্কুল কলেজ তুলে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ছাত্র নেতা সুশান্ত ধীবর।

আদিবাসী বিকাশ মঞ্চের নেতা সুধীর মুর্মু বলেন, আদিবাসীদের প্রকৃতি ধ্বংসকারী, বন্যপ্রাণী নিধনকারী হিসেবে প্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, আজ থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সেন্দরা বা শিকার উৎসব শুরু। এটা আমাদের সংস্কৃতির অঙ্গ, কিন্তু কেন্দ্রীয় সরকার এই অধিকার কেড়ে নিতে চাইছে, কিন্তু আমরা বীর সিধু কানুর পথ ভুলিনি।তাদের পথ ধরেই আমাদের অধিকার, ধর্ম রক্ষা করতে হবে বলে আদিবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *