গোপীবল্লভপুরে অনুষ্ঠিত হল রাধা কৃষ্ণের ‘চন্দন যাত্রা’ অনুষ্ঠান

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৫ মে:
গোপীবল্লভপুর হল বৈষ্ণবীয় ভাবাদর্শের অন্যতম পীঠস্থান। এখানকার মানুষের একমাত্র আরাধ্য স্থান হল ঠাকুরবাড়ির গুপ্ত বৃন্দাবন। শ্রীপাট গোপীবল্লভপুরের গুপ্ত বৃন্দাবনে বছরের বিভিন্ন সময় সমস্ত ধর্মীয় রীতিনীতি নিষ্ঠার সঙ্গে পালিত হয়। এককথায় বারো মাসে তেরো পার্বণ পালিত হয়ে থাকে গুপ্ত বৃন্দাবনে। সেই মতো শনিবার গুপ্ত বৃন্দাবনের রাধাগোবিন্দ জীউর মন্দিরে হল রাধা কৃষ্ণের ‘চন্দন যাত্রা’ অনুষ্ঠান।

এদিন সন্ধ্যায় রাধাগোবিন্দ জীউ মন্দিরে কৃষ্ণ এবং রাধা দেবীকে চন্দন মাখিয়ে প্রাচীন এই রীতি পালন হয়। প্রতি বছর গুপ্ত বৃন্দাবনের রাধাগোবিন্দ জীউ মন্দিরে অক্ষয় তৃতীয়ার পরের দিন এই চন্দন যাত্রা পালিত হয়। কথিত আছে চন্দন জলে স্নান করলে রাধা কৃষ্ণের সাক্ষাৎ হয়ে থাকে। এদিন শ্রীপাট গোপীবল্লভপুরের গুপ্ত বৃন্দাবনের রাধাগোবিন্দ জীউ মন্দিরের চন্দন যাত্রা অনুষ্ঠান করোনা বিধি মেনে পালিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীপাট গোপীবল্লভপুরের মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোস্বামী এবং স্থানীয় ১০ জন ভক্ত সাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *