অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৪ সেপ্টেম্বর: হিন্দু শাস্ত্র মতে জন্মাষ্টমীর একপক্ষ কাল পরেই পালন করা হয় শ্রীমতি রাধিকার জন্মতিথি উৎসব। কথিত আছে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীমতী রাধা জন্মগ্রহণ করেন। সেই বিশ্বাস অনুযায়ী আজ সারা দেশজুড়ে পালন করা হচ্ছে রাধাষ্টমীর উৎসব। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সারা দেশের সঙ্গে রীতি মেনে শ্রী পাট গোপীবল্লভপুরের রাধাগোবিন্দ জিউয়ের মন্দিরে হল রাধা অষ্টমীর ব্রত।

এদিন তিথি অনুযায়ী বিকাল চারটের পর মন্দিরে দেবী রাধিকার মূর্তিকে দুধ দিয়ে স্নান করিয়ে রাধা অষ্টমী ব্রতের সমস্ত নিয়ম মেনে পুজো করা হয়। আর রাধা অষ্টমী ব্রত পালনের জন্য এদিন গোপীবল্লভপুরের চারশো বছরের এই ঐতিহ্যবাহী মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। সাধারণ ভক্তদের মাঝে এদিন ব্রত পালনে উপস্থিত ছিলেন শ্রী পাট গোপীবল্লভপুরের মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোস্মামী।

