করোনা সচেতনতা বিধি মেনে সম্পূর্ণ অনাড়ম্বর ভাবে রবীন্দ্র জয়ন্তী পালিত হল পানিহাটির পেনেটির বাগান বাড়িতে

প্রতীতি ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ মে: করোনা বিধি মেনে কবিগুরুর ১৬০ তম জন্ম দিবস উদযাপন হল পানিহাটির পেনেটির বাগান বাড়িতে। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কবি গুরুকে স্মরণ করলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সহ পানিহাটির বিশিষ্ট রবীন্দ্র অনুরাগীরা। দেশ সহ রাজ‍্যে করোনার ভয়াবহ পরিস্থিতির ফলে এই বাগান বাড়িতে আয়োজন করা সমস্ত অনুষ্ঠান কর্মসূচি বাতিল করা হয় এদিন। তার পরিবর্তে শুধুমাত্র কবিগুরুকে মালা পরিয়ে ও কবিগুরু সম্পর্কে কিছু কথা বলেই রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হল এদিন।

রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত এই বাগান বাড়িতে কবিগুরু প্রথমবার এসেছিলেন ১৮৭২ সালে। সেসময়ও দেশজুড়ে চলছিল প্লেগের মত অতিমারি সংক্রমণ। তা থেকে বাঁচতেই ঠাকুর আশ্রয় নিয়েছিলেন পানিহাটিতে অবস্থিত পেনেটির এই বাগানবাড়িতে। সেই থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি উজ্জ্বল হয়ে রয়েছে এই বাগান বাড়িটির সর্বত্র। সেই অতিমারির পর এই বার ফের এক আতিমারির সময় চলছে। তাই এবারও অতিমারীর ফলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালিত হল অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সরকারি বিধি মেনে অনধিক ৫০ জন রবীন্দ্র অনুরাগীকে নিয়ে সামাজিক দূরত্ব মেনে পালিত হল আজকের এই অনুষ্ঠান। এদিন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ কবিগুরুর স্মৃতি বিজরিত এই বাগান বাড়ির সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কি সম্পর্ক ছিল সেই বিষয়ে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *