দশ বছর ধরে বালুরঘাটে বন্ধ থাকা রবীন্দ্রভবন খুলছে আগামী দুমাসেই, জানালেন জেলা শাসক আয়েষা রানী এ

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৮ জানুয়ারি: দশ বছর ধরে বন্ধ হয়ে থাকা রবীন্দ্রভবন খুলছে আগামী দুমাসেই। দ্রুত ভবন চালু করার লক্ষ্যে শুক্রবার রবীন্দ্রভবন পরিদর্শনের পর জানান জেলাশাসক আয়েষা রানী এ। এদিন দুপুরে পুর্তদপ্তরের আধিকারিকদের নিয়ে পরিদর্শনের পর এমনটাই নির্দেশ দেন জেলা শাসক।

প্রশাসন সূত্রের খবর, দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে কাজ করায় সম্পূর্ণ হয়নি রবীন্দ্র ভবন সংস্কার। এর আগে কাজ পরিদর্শন করতে গিয়ে ৪৫০ আসন বিশিষ্ট ওই ভবনের ভেতরে আটটি পিলার তোলা নিয়েও প্রশ্ন তুলেছিলেন জেলা শাসক। অপরিকল্পিত ভাবে এসি বসানোয় কমে যায় সিটের সংখ্যাও। সেই বিষয়টিও সামনে আনেন জেলাশাসক আয়েষা রানী এ।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১২ সাল থেকে রবীন্দ্রভবনে সবরকম অনুষ্ঠান বন্ধ রয়েছে। ২০১৬ তে প্রথম রবীন্দ্রভবন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। ক্রমে তাও বন্ধ হয়ে যায়। পরে ২০১৮ সালের মার্চ মাসে পাঁচ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে রবীন্দ্রভবন নতুন করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। সেই কাজ ২০১৮ সালের জুলাই মাসে কাজ শুরু হয়েছিল। তাও অজানা কারণে থমকে থাকে। এরপর ২০২০ সালের মাঝের দিকে সেই কাজ শুরু হওয়ার পরে প্রেক্ষাগৃহের ভেতরের পরিকাঠামো নিয়ে সমস্যা দেখা দেয়। রবীন্দ্রভবনের ভেতরে এসি বসানোর জন্য পেক্ষাগৃহের মধ্যে আটটি পিলার বসানোর পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তা বসাতে গিয়ে প্রায় ৪০ টি সিট বাদ পরে যাবে বলে সেই কাজও থমকে যায়। পরবর্তীতে ২০২১-এর সেপ্টেম্বরের শেষে জেলাশাসক আয়েষা রানী দায়িত্ব নেওয়ার পরে রবীন্দ্রভবন পরিদর্শন করে সেই কাজ নিয়ে ক্ষুদ্ধ হয়ে দ্রুত শেষ করার নির্দেশ দেন। আগামী দুমাসের মধ্যেই তা চালু করতে হবে বলেও কড়া নির্দেশ এদিন উপস্থিত থাকা পুর্তবিভাগের আধিকারিক ও ইঞ্জিনিয়ার দের দিয়েছেন জেলাশাসক।

জেলা শাসক আয়েশা রানী বলেন, কোনও কাজ ফেলে রাখা যাবে না। দ্রুত কাজ শেষ করে ভবন খুলে দিতে বলা হয়েছে। প্রায় দুই মাস সময় লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *