সাথী দাস, পুরুলিয়া, ২৯ জানুয়ারি: অবাধে টোকাটুকি করে কলেজ পরীক্ষা হল পুরুলিয়ায়। এতে তুমুল সমালোচনার মুখে পড়ল অনলাইন পরীক্ষা পদ্ধতি নিয়ে। সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের এই ‘ওপেন বুক পরীক্ষা’ হওয়ায় এক অন্য দৃশ্যও দেখা গিয়েছে পুরুলিয়ায়। কলেজ চত্বরে শুধু নয়, রাস্তার পাশে বসে চলল টোকাটুকি।
কোথাও নোট বুক কোথাও বই দেখে উত্তর লিখল পরীক্ষার্থীরা। দুই ঘণ্টার অনলাইন পরীক্ষা হল গণহারে টোকাটুকিতে। রাস্তায় পথচারীরা খানিকটা আশ্চর্য্য হন। পরে তাঁরা জানতে পারেন যে এভাবেও পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এই নিয়ে কর্তৃপক্ষের তুমুল সমালোচনা করেন তাঁরা। অভিভাবকদের একাংশ এই পদ্ধতির বিরুদ্ধে মত প্রকাশ করেন।
পুরুলিয়া নিস্তারিণী কলেজ চত্বর ও পাশের রাস্তায় এমন দৃশ্য দেখা গিয়েছে। রঘুনাথপুর কলেজ সহ বিভিন্ন কলেজে একইভাবে পরীক্ষা দিতে দেখা গিয়েছে।

অবশ্য পরীক্ষা শেষে হাসি মুখে ওপেন বুক পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্দেশ্যে যেন কৃতজ্ঞতা প্রকাশ করে পরীক্ষার্থীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চায়নি পরীক্ষার্থীরা।
পুরুলিয়ার নিস্তারিণী কলেজের অধ্যক্ষা ইন্দ্রাণী দেব এদিন বলেন, “এটা বিশ্ববিদ্যালয়ের ‘ওপেন বুক পরীক্ষা’। কোভিড পরিস্থিতির কারণে এমনটা। তবে, অনলাইন পরীক্ষা বাড়িতে বসেই দেওয়া উচিত। তাদের পরীক্ষার খাতা চাইলে কলেজের ই মেলে পাঠাতে পারত। কলেজে এসে পরীক্ষা দেওয়ার কোনও ব্যবস্থা নেই। আর কলেজের বাইরে কে কী করছে সেটা আমাদের দেখা সম্ভব নয়।”

