দুই জায়গায় নাম থাকা নিয়ে নির্বাচন কমিশনকে দোষী করে তোপ পুরুলিয়ার তৃণমূল প্রার্থীর

সাথী দাস, পুরুলিয়া, ৭ মার্চ: দুই জায়গায় নাম থাকা নিয়ে নির্বাচন কমিশনকে দোষী করে তোপ দাগলেন পুরুলিয়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় ব্যানার্জি। আজ জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এই নিয়ে বিজেপির করা কটাক্ষকে প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশের অভিযোগে সরব হন এই তৃণমূল প্রার্থী।

সুজয় ব্যানার্জি পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম জেলা আহ্বায়ক। পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থীর জন্য তাঁর নাম ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। তাঁর আদি বাড়ি পুঞ্চার গ্রামে। বর্তমানে তিনি তাঁর ভোটার কার্ডে ঠিকানা বদল করেন। পুরুলিয়া শহরে তাঁর বর্তমান ঠিকানা হয়। ইতিমধ্যে পুঞ্চা এবং পুরুলিয়া শহরে দুই জায়গাতেই তার ভোটার তালিকায় নাম দেখা যায়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে বিজেপি। অস্বস্তিতে পড়েন সুজয় ব্যানার্জি। এই বিষয়ে তাঁকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আর এতেই উত্যক্ত হয়ে উঠেন তৃণমূলের এই প্রার্থী।

এদিন তাঁর দাবি, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট মানবাজার মহকুমা শাসকের কাছে পুঞ্চার ভোটার তালিকা থেকে নাম মোছার জন্য আবেদন করা সত্বেও তা কার্যকর করেনি। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররের কাছে আবেদন করা সত্বেও তা কার্যকরী না হওয়ায় আজ নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন তিনি। সুজয় ব্যানার্জি বলেন, “আমি যে ২৬ ফেব্রুয়ারি নাম মোছার জন্য লিখিত আবেদন করেছিলাম তার স্বীকারোক্তি করা হয়েছে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের পক্ষ থেকে। বিজেপি আর রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে এই ধরণের কটাক্ষ করছে। নির্বাচন কমিশনের মদতে যোগসাজশে এই পন্থা অবলম্বন করছে তারা। সময় মতো আমার আবেদন কার্যকর করলে অস্বস্তিতে পড়তে হত না আমাকে।”

বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন জেলা সহ সভাপতি বিনোদ তেওয়ারি। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা হয়ে কী করে এই অনৈতিক কাজ করেন? আর নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা। তাদের সঙ্গে আমাদের যোগসাজশের প্রশ্ন আসছে কেন?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *