সাথী দাস, পুরুলিয়া, ২৭ ডিসেম্বর: স্বচ্ছতার সঙ্গে ধান বেচা কেনা করতে উদ্যোগী হল পুরুলিয়ার হুড়া পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন। ফড়েদের হাত থেকে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের ধানের সরকারি ন্যায্য মূল্য পাইয়ে দিতে উদ্যোগী হয় তারা। আজ হুড়া পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে আয়োজিত এক সভায় একথা জানান হুড়ার বিডিও ধ্রুবাঙ্কুর ঠাকুর। হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তথা কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্ৰেসের জেলা সভাপতি প্রসেনজিৎ মাহাত আয়োজিত এই সভায় মূল বিষয় ছিল, সরকারি ক্রয় কেন্দ্রে ধান বিক্রয় সম্পর্কে মানুষকে সচেতন করা। এর পাশাপাশি আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত দুয়ারে সরকার শিবির নিয়েও সচেতনতার বার্তা দেওয়া হয়।

আপৎকালীন প্রয়োজনে, যেমন চিকিৎসা, মেয়ের বিয়ে বা তাৎক্ষনিক সমস্যায় কৃষকরা যদি ধান বিক্রি করতে চান, তাহলে তার ধান সরকারি সহায়ক মূল্যে সরকারি ক্রয়কেন্দ্রে কেনা হবে। তবে এক্ষেত্রে তার জরুরি প্রয়োজনীয় সম্পর্কিত নথি দিয়ে পঞ্চায়েত সমিতির স্তর থেকে অনুমোদন নিতে হবে।
সভায় ছিলেন ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা। সভাপতি বলেন, এদের মাধ্যমেই বার্তা পৌঁছানো হবে কৃষকদের কাছে। সভায় ছিলেন খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিনিধিরাও।

সভাপতি প্রসেনজিৎ মাহাত জানান, মুখ্যমন্ত্রী চাইছেন কৃষকরা যাতে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার পূর্ণ সুযোগ পান, তা নিশ্চিত করতে হবে। পুরুলিয়ায় মকর সংক্রান্তির সময় বেশি করে ধান বিক্রি করতে চান মানুষ। এই সময় কেউ যাতে ফড়েদের খপ্পরে পড়ে কমদামে ধান বিক্রি না করেন, সেজন্য সচেতনতার প্রচার চালাতে জনপ্রতিনিধিদের অনুরোধ করেন প্রশাসনিক কর্তারা।

