সাথী দাস, পুরুলিয়া, ৯ মার্চ: ৩২ বছর ধরে কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধির উত্থানের নেপথ্যের নায়ক পুরুলিয়ার পার্থ প্রতীম ব্যানার্জি। দলের অসময়ে সামাল দিয়েছেন প্রদেশ কংগ্রেসের এই সম্পাদক। নিঃস্বার্থে অসহায় মানুষের পাশে থাকার আজও সাধ্য মতো চেষ্টা করেন। নিজে কখনও ভোটে দাঁড়াতে চাননি তিনি। পুরুলিয়া শহরের বাসিন্দা এই ব্যক্তিকে সবাই ‘হাঁদু’ বলেই চেনেন। রাজনীতির কচকচানি থেকে দূরে থাকতে চাইলেও এবার তিনি ভোটের আঙ্গিনায়। পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হয়েছেন।
নির্বাচিত জনপ্রতিনিধিদের আচরণ তাঁকে ব্যাকুল করেছে। জনপ্রতিনিধি হয়ে জনসংযোগ করতে করতে চান না অধিকাংশই। এমনই অভিযোগে সরব হয়ে এবার তিনি ভোটে দাঁড়ালেন।
তিনি বলেন, “যাঁদের চেয়ারে বসানো হচ্ছে তাঁরা কোনও কাজ করতে চান না। উল্টে স্বার্থ শেষ হলেই গদ্দারি করছেন। দল ত্যাগ করে অন্য দলে যোগ দিচ্ছেন। এঁদের আচরণে সমাজে প্রভাব পড়ছে। আর এটা আর হতে দেব না। তাই এবার মানুষের স্বার্থে ভোটের দাঁড়ালাম।”
নির্বাচনে জেতার ব্যাপারে আশাবাদী পার্থ জানান, “আমি পেশাদার রাজনীতিক নয়। তাই , ১০০, ২০০ নয় ৯৯ শতাংশ নিশ্চিত জিতব।”

