সাথী দাস, পুরুলিয়া, ২৫ ফেব্রুয়ারি:
দেশজুড়ে ২৬ ফেব্রুয়ারি ব্যবসা বনধের সামিল পুরুলিয়াও। কাল সকাল থেকে দিনভর দোকান পাট বন্ধ রেখে জিএসটি’র পদ্ধতির প্রতিবাদ জানাবে পুরুলিয়া চেম্বার অফ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি। সামিল হচ্ছে পুরুলিয়ার ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। চেম্বার অফ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বামা প্রসাদ পুইতন্ডি জানান, “শুক্রবার জরুরি পরিষেবা বাদে সব ব্যবসা বন্ধ থাকবে। বেলার দিকে সাংগঠনিক কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল হবে।”
সারা ভারত বনধের ডাক দেয় ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)। সহজে যাতে ব্যবসা করা য়ায় ( ইজ অফ ডুইং বিজনেস) সে দিকে জোর দেওয়ার কথা সরকার বললেও বাস্তবে ঠিক তার উল্টো হচ্ছে বলে ব্যবসায়ীদের অভিযোগ। বিশেষত পণ্য পরিষেবা কর বা জিএসটি নিয়ে নানা অভিযোগ তুলছে ব্যবসায়ী সংগঠনগুলি। আর তারই প্রতিবাদে ব্যবসা বনধের ডাক দেওয়া হয়েছে।
এই বনধের সমর্থন জানিয়ে আগামীকাল চাক্কা জাম করবে অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সমস্ত বাজার বন্ধ থাকবে এবং বিভিন্ন স্থানে প্রতিবাদ ও ধর্ণা চলবে। প্রায় ৪০,০০০ ব্যবসায়ী সমিতি এই বনধকে সমর্থন করছে বলে সূত্রের খবর।

পুরুলিয়া জেলার চেম্বার অফ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রির অন্যতম সংগঠক গোবিন্দ মুখার্জি জানান, “চার বছর হতে চলল দেশজুড়ে জিএসটি চালু হয়েছে। তারপর থেকেই বেশ কয়েকবার এতে সংশোধনী আনতে হয়েছে তার কারণ হল জিএসটি কাউন্সিল আদৌ তাদের নিজেদের তৈরি কর কাঠামো নিয়ে বিন্দু মাত্র আত্মবিশ্বাসী নয়। অথচ বার বার ব্যবসায়ীদের বলা হচ্ছে, সঠিকভাবে জিএসটি দিতে। আর তা না-হলে নানা রকম ভয় দেখান হচ্ছে। যেমন- রেজিস্ট্রেশন বাতিল করা থেকে শুরু করে ইনপুট ক্রেডিট না দেওয়া, জরিমানা চাপানো, সুদ চাপানো, আইনানুগ ব্যবস্থা নেওয়া, এমনকী জেল খাটানোর পর্যন্ত ভয়ও দেখানো হচ্ছে। এরফলে যা পরিস্থিতি হয়েছে তাতে এখন ব্যবসা করার বদলে জিএসটি সংক্রান্ত কাজকর্ম করাটাই ব্যবসায়ীদের কাছে মাথাব্যথার বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে।”
ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পুরুলিয়া জেলা সম্পাদক সর্বেন শর্মা জানান, “ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসা করার জন্য নবীন প্রজন্ম নিরাশ হয়ে পড়ছে। জটিল পদ্ধতি অনুসরণ করতে গিয়ে ব্যবসা বাড়ানোর জন্য অনুৎসাহিত হয়ে পড়ছেন তাঁরা।”

