সাথী দাস, পুরুলিয়া, ১৮ আগস্ট: পুরুলিয়া জেলা তৃণমূলে রদবদলের পরই তালা পড়ল জেলা তৃণমূল কার্যালয়ে। ১৬ আগস্ট গোটা রাজ্যের সঙ্গে পুরুলিয়া জেলা তৃণমূলের সাংগঠনিক পদের আমূল পরিবর্তন হয়। বদল করা হয় জেলা সভাপতি, মহিলা সভানেত্রী, যুব সভাপতি, চেয়ারম্যান সহ একাধিক পদাধিকারীদের। এরপরই সোমবার রাত থেকেই তালাবন্ধ হয় জেলা তৃণমূল কার্যালয়। আজও শুনসান ছিল জেলা কার্যালয়। দরজার বাইরের চেয়ার ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে, বিভিন্ন পত্রিকা পড়ে রয়েছে মূল দরজার কাছে। দেখা গেল না কোনও নিরাপত্তারক্ষীকে। বর্তমানে পুরুলিয়া জেলায় রইল না কোনও জেলা তৃণমূল কার্যালয়। তাহলে কি রদবদলের পরই মনোমালিন্যের জেরেই তালা ঝুলল জেলা কার্যালয়ে? নাকি এটা গোষ্ঠীদ্বন্দের জের? উঠছে প্রশ্ন।

এই বিষয়ে প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু জানান, “ওই জেলা তৃণমূল কার্যালয়টি তাঁর ব্যক্তিগতভাবে ভাড়া নেওয়া। এছাড়া অফিসে থাকা আসবাবপত্র নিজের অর্থে কেনা। এখন তিনি জেলা সভাপতি নেই, তাই ওই কার্যালয়টিও নেই।”
জেলা সভাধিপতি সুজয় ব্যানার্জি জানান, প্রাক্তন ও বর্তমান সভাপতিকে মুখোমুখি বসিয়ে সমাধান করা যেতেই পারে। এই বিষয়ে তিনি প্রবীণ নেতা হিসেবে মধ্যস্থতা করতে রাজি আছেন।
বিকল্পের পথে রয়েছেন বর্তমান জেলা সভাপতি সৌমেন বেলথড়িয়া। বুধবার, বিকেলে পুরুলিয়া শহরের বিভিন্ন এলাকায় কার্যালয় করার জন্য বাড়ি দেখেন। এই ব্যাপারে কয়েক দিনের মধ্যেই কার্যালয় ঠিক করা হবে বলে তিনি জানান।


