সাথী দাস, পুরুলিয়া, ২ সেপ্টেম্বর: হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ। পুরুলিয়া শহরের বিভিন্ন হাট, বাজার, শপিং মল থেকে এই সব মোবাইল খোয়া যায় বলে পুলিশ জানায়। দু’বছর আগে হারিয়ে যাওয়া মোবাইলও উদ্ধার করে ফেরত দিল পুলিশ। আজ পুরুলিয়া সদর থানার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ওই মোবাইলগুলি প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। তুলে দেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার পিনাকি দত্ত, ডিএসপি এবং সদর থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

বেশ কয়েকদিন ধরেই মোবাইল চুরি এবং হারিয়ে যাওয়ার অভিযোগ আসছিল পুলিশের কাছে। বর্তমান সময়ে মোবাইলের সূত্র ধরে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়ে থাকে। তাই মোবাইল চুরির ঘটনা উদ্বেগ বাড়াচ্ছিল পুলিশের। তাই পুরুলিয়া সদর থানার পক্ষ থেকে অভিযানে নামে পুলিশ। বিভিন্ন সূত্র ধরে অভিযান চালায় পুলিশ। উদ্ধার করে ৫০ টি মোবাইল। এই কাজে যুক্ত পুলিশ আধিকারিক জয়ন্ত চক্রবর্তিকে পুরস্কৃত করা হয় সদর থানার পক্ষ থেকে। ঝাড়খণ্ডের চাকুলিয়ার বাসিন্দা, পাশের জেলা বাঁকুড়ার এক বাসিন্দার এই শহরে মোবাইল হারিয়ে গিয়েছিল। সেগুলোও এদিন প্রাপকদের হাতে তুলে দেয় পুরুলিয়া সদর থানার পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার পিনাকি দত্ত বলেন, “পুলিশের তৎপরতা ও দক্ষতায় মোবাইলগুলি উদ্ধার হচ্ছে ঠিকই মোবাইল ব্যবহারকারীদের আরও বেশি সজাগ ও সতর্ক থাকতে হবে। আরও বেশি যত্নশীল হতে হবে। তাহলে এমন ঘটনার সংখ্যা কমবে।”
এদিন উল্লেখযোগ্য সামাজিক কাজ করার জন্য কয়েকজন পুলিশ কর্মীকে ওই মঞ্চেই সংবর্ধনা দেওয়া হয়।

