কলকাতার যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার পুলিশ, ১৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

সাথী দাস, পুরুলিয়া, ২৫ ফেব্রুয়ারি: টাওয়ার বসানোর নাম করে ১৬ লক্ষ টাকারও বেশী আত্মসাৎ করার অভিযোগে কলকাতার এক যুবককে গ্রেফতার করল পুরুলিয়া সাইবার শাখার পুলিশ।

অভিযোগ, ২০১৭ সালের শেষ দিকে পুরুলিয়া পাড়া থানার আনাড়া গ্রামের তাপস মুখার্জি নামে এক ইঞ্জিনিয়ারের কাছ থেকে টাওয়ার বসানোর নাম করে ধাপে ধাপে মোট ১৬ লক্ষ ২৬ হাজার টাকা ওই যুবক একাধিক ব্যাংকের একাউন্টে নেয় বলে অভিযোগ। পরবর্তীকালে আরও টাকার দাবি করে সে। তখন ওই ইঞ্জিনিয়ার বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এই বছরের জানুয়ারি মাসের ২ তারিখে তিনি পুরুলিয়া সাইবার শাখায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত করে দেখা যায় কলকাতার মানিকতলা এলাকার এক যুবকের একাউন্টে প্রায় ৭ লক্ষ টাকা ট্রান্সফার হয়। মানিকতলা এলাকার বাসিন্দা ওই যুবকের নাম রোহন তালুকদার। গতকাল তাকে গ্রেফতার করে সাইবার শাখার পুলিশ। আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। তার ৭ পুলিশ হেফাজত হয়। এই ঘটনার সাথে আর কে বা কারা যুক্ত তা জানার চেষ্টা করবে পুলিশ।

বারবার পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হলেও এই ধরনের প্রতারণার ফাঁদে পড়ছেন বহু নিরীহ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *