নিষিদ্ধ পলিথিন ব্যবহারে ১০ জন ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা নিয়ে সতর্ক করল পুরুলিয়া পুরসভা

সাথী দাস, পুরুলিয়া, ৪ জুলাই: নিষিদ্ধ পলিথিন ব্যবহারের জন্য ১০ জন ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা নিয়ে সতর্ক করল পুরুলিয়া পুরসভা। নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার জন্য ব্যবসায়ী ও ক্রেতাদের বারণ করেছিল পুরসভা। বার বার পুরসভার পক্ষ থেকে সতর্ক করেও থামানো যায়নি। তাই এবার নিষিদ্ধ পলিথিন ব্যবহারে কঠোর হল পুরসভা। আজ বিকেলে পুরুলিয়া শহরের বাজার এলাকায় বিশেষ অভিযান চালায় পুরসভা।

প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ছিলেন পুরপ্রধান নবেন্দু মাহালি ও বেশ কিছু কাউন্সিলর। বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন ব্যবহারকারী ব্যবসায়ীকে হাতে নাতে ধরে ফেলে পুরসভার অভিযানের দলটি। আর ‘স্পট ফাইন’ করতে দ্বিধা করেনি পুরসভা। ব্যবসায়ী প্রতি ৫০০ টাকা করে জরিমানা বাবদ মোট পাঁচ হাজার টাকা আদায় করে একটা কড়া বার্তা দেওয়া হল বলে জানান পুরপ্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *