এলাকা জঞ্জাল মুক্ত করতে বাড়িতে ডাস্টবিন পৌঁছে দিচ্ছে পুরুলিয়া পুরসভা

সাথী দাস, পুরুলিয়া, ৩ সেপ্টেম্বর: রাস্তা ঘাটে যেখানে সেখানে আর আবর্জনা ফেলা যাবে না। এবার থেকে বাড়ি থেকেই আবর্জনা সংগ্ৰহ করবে পুরুলিয়া পুরসভা। পৌরসভার দুই রঙের দুটি ডাস্টবিনে জৈব ও অজৈব পদার্থ আলাদা করে রাখতে হবে বাড়িতেই। যা পৌরসভা প্রতিদিন সংগ্রহ করে নিয়ে যাবে। এই লক্ষ্যেই আজ থেকে ‘মিশন নির্মল বাংলা প্রকল্পে’র মধ্য দিয়ে বাড়ি বাড়ি সেই দুই ধরনের ডাস্টবিন পৌঁছে দেওয়া শুরু করল পুরুলিয়া পৌরসভা।

এদিন পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালী ও প্রশাসক মন্ডলীর সদস্য রবি শঙ্কর দাস বলেন, এবার থেকে যেখানে সেখানে ময়লা না ফেলে আমাদের দেওয়া দুই রঙের ডাস্টবিনে জৈব ও অজৈব আবর্জনা আলাদা ভাবে রাখতে বলা হবে বাড়ির সদস্যদের। পৌরসভা সেই আবর্জনা প্রতিদিন সংগ্রহ করে নিয়ে যাবে। এই ক্ষেত্রে একদিকে যেমন রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তেমনই পচন ও অপচনশীল জঞ্জালগুলি আলাদা থাকলে দূষণ রুখতে পৌরসভার কাজে সহায়ক ভূমিকা নেবে এই প্রকল্প।

আনুষ্ঠানিকভাবে আজ প্রথম পর্যায়ের পুরুলিয়া পৌরসভার পাঁচটি ওয়ার্ডে এই ডাস্টবিন বিতরণ কর্মসূচি শুরু হয়। সকাল থেকে পুরুলিয়ার ১০ নম্বর ওয়ার্ডে রাধাকৃষ্ণ মোড় সহ ওই এলাকার বিভিন্ন এলাকায় বাড়িতে যান প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ও সদস্যরা। আগামী দিনে পুর এলাকার ২৩টি ওয়ার্ডেই ডাস্টবিন বিতরণ করা হবে বলে পৌরসভা জানায়।

পুরসভার এই ব্যবস্থাপনাকে স্বাগত জানিয়েছেন বাসিন্দারা। তবে, সুদূর প্রসারী ভাবনা নিয়ে আশঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা। কারণ অতীতে এই ধরণের উদ্যোগ শুরু করেও তা ধরে রাখতে পারেনি পুরসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *