দুঃস্থ প্রান্তিকদের উঠোনে গিয়ে চিকিৎসা পরিষেবা দিচ্ছে পুরুলিয়া জেলা বিজ্ঞান মঞ্চ ও কোভিড কেয়ার নেটওয়ার্ক

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১২ জুন: পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেওয়ার পর হাতে যেটুকু সময় মেলে সেটুকু সময়ই কখনো নিজের পাড়ায় আবার কখনও প্রত্যন্ত গ্রামগুলিতে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে সাধারণ মানুষের সেবা করে চলেছেন কোভিড কেয়ার নেটওয়ার্কের সদস্য ডাঃ নয়ন মুখার্জি। শুধু স্বাস্থ্য পরীক্ষাই নয়, করোনা নিয়ে সচেতন করার পাশাপাশি ওষুধ ও মাস্ক বিতরণ এবং গ্রামবাসীদের ভ্যাকসিন নিতেও উৎসাহিত করে চলেছেন তিনি। করোনা পরিস্থিতিতে যানবাহন চলাচল প্রায় বন্ধ। তাই প্রত্যন্ত গ্রাম থেকে চিকিৎসা করাতে আসা প্রায় দুষ্কর হয়ে উঠছে সাধারণ মানুষের। তাই প্রত্যন্ত গ্রামে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে জনসেবায় লিপ্ত রয়েছেন ডাঃ নয়ন মুখার্জি। চিকিৎসকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গোটা জেলাবাসী।

করোনাকালে দুঃস্থ ও প্রান্তিকদের উঠোনে গিয়ে চিকিৎসা পরিষেবা দিচ্ছে পুরুলিয়া জেলা বিজ্ঞান মঞ্চ ও কোভিড কেয়ার নেটওয়ার্ক। পুরুলিয়া জেলাজুড়ে এই সব মানুষের অসহায়তার কথা ভেবে পুরুলিয়া জেলা সদর সহ বিভিন্ন জনপদগুলিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন এই চিকিৎসক। বাসিন্দাদের চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হচ্ছে। পাশাপাশি করোনা সম্পর্কে সচেতনও করা হচ্ছে তাঁদের। তাঁর কথায়, “সাধারণ অসুখ ও শারিরীক ব্যাধির চিকিৎসার জন্য অনেকে ডাক্তারের কাছে যেতে পারছেন না। স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালে যেতে চাইছেন না। সেই সব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এছাড়া এই সময় কীভাবে থাকবেন, স্বাস্থ্য আচরণ বিধি সম্পর্কেও বোঝাচ্ছি। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *